Connect with us
হকি

প্রকাশ পেল এশিয়া কাপের সূচি, টুর্নামেন্টে নেই ভারত

Bangladesh Hockey match
বাংলাদেশের হকি ম্যাচ। ছবি- হকি ফেডারেশন

আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র হকি এশিয়া কাপের লড়াই। বালক-বালিকা উভয় উভয় বিভাগের খেলার সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র হকি এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ এর নতুন আসর। যেখানে থাকছে না ভারত।

চীনের দাজহু শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই বয়স ভিত্তিক টুর্নামেন্টের সূচি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্ট চলবে ৩ জুলাই থেকে পরবর্তী ১৩ জুলাই পর্যন্ত। এদিকে সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরানোর পর এবার হকির আঞ্চলিক এই টুর্নামেন্ট থেকেও নিজেদের সরিয়ে নিল ভারত।

এশিয়া কাপ বালক বিভাগে থাকছে ৯ দল। যার মধ্যে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান ও স্বাগতিক চীন। অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে অবশ্য ছয়টি দল। সেখানে রয়েছে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান। 




আরও পড়ুন:

» গল টেস্ট : প্রথম দিন বাংলাদেশের ব্যাটারদের যত রেকর্ড

» রিয়াল মাদ্রিদ-আল হিলাল ম্যাচসহ আজকের খেলা (১৮ জুন ২৫)


জুনিয়র এশিয়া কাপের অন্যতম সকল দল ভারত। তবে এবার তারা না থাকলে সুযোগ বাড়ছে বাকি দলের। আর এর আগে জুনিয়র এশিয়া কাপে রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে একেবারে অন্তিম মুহূর্তে গোল হজম করে ট্রফিবঞ্চিত হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

এদিকে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ বালিকা দল এবারই প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে জাপান, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাজাখস্তান। অবশ্য এই দুই বিভাগের এশিয়া কাপ থেকে কেন নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত, তা জানা যায়নি।

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in হকি