Connect with us
ক্রিকেট

যুক্তরাষ্ট্রের লিগে একই দলে খেলবেন অশ্বিন-রউফ

Ashwin and Rauf will play for the same team in a USA league.
এমএলসিতে একই দলে খেলবে অশ্বিন-রউফ। ছবি- সংগৃহীত

আইপিএলের বাইরে প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) আসন্ন আসরে নাম লিখিয়েছেন এই তারকা। আর প্রথমবার বিদেশি লিগে নাম লিখিয়েই পাকিস্তানের তারকা ক্রিকেটারকে সতীর্থ হিসেবে পাচ্ছেন এই ভারতীয় অলরাউন্ডার। 

এমএলসির আগামী আসরের জন্য অশ্বিনকে দলে ভিড়িয়েছে সানফ্রান্সিসকো ইউনিকর্নস। শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দলে সতীর্থ হিসেবে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফকে পাচ্ছেন এই অলরাউন্ডার।

সানফ্রান্সিসকো ইউনিকর্নে হয়ে গত দুই মৌসুম ধরে খেলছেন রউফ। আগামী আসর সামনে রেখে ধরে রাখা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে সানফ্রান্সিসকো ইউনিকর্নস। যেই তালিকায় ছিলেন হারিস রউফও। আগামী আসরের জন্যও তাকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। যার ফলে ২০২৬ এমএলসিতে একই দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে অশ্বিন ও রউফকে।



সাধারণত ভারতীয় ক্রিকেটারদের আইপিএল বাদে বিদেশের কোনো লিগে খেলতে দেওয়া হয় না। তবে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন অশ্বিন। এরপর গত বছর আইপিএল থেকেও অবসর নেন এই অলরাউন্ডার। তাই তার এখন বিদেশি লিগ খেলতে কোনো বাধা নেই।

আইপিএল ছাড়ার পর দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০ এর সবশেষ আসরের ড্রাফটে নাম দিয়েছিলেন অশ্বিন। তবে তাকে দলে ভেড়ায়নি কেউ। অবশেষে এমএলসি দিয়ে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে যাত্রা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের।

এমএলসির আগামী আসরের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ধরে রেখেছে সানফ্রান্সিসকো ইউনিকর্নস। অশ্বিন-রউফের পাশাপাশি এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠা মাতাবেন ম্যাট শর্ট, ফিন অ্যালেন, হ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হাসান খান, ব্রোডি কাউচ, হাম্মাদ আজম ও জুয়ানো ড্রাইসডেলের মতো ক্রিকেটাররা।

২০২৩ সালে এমএলসির প্রথম আসর মাঠে গড়ায়। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের তিন মৌসুম হয়েছে। আগামী ১৮ জুন থেকে শুরু হবে চতুর্থ আসর। ছয় দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট