Connect with us
ক্রিকেট

মুশফিক-রিয়াদের জায়গাটা লিটন সামলাবেন, প্রত্যাশা আশরাফুলের

Ashraful expects Litton to fill the roles of Mushfiq and Riyad.
লিটন দাস - মোহাম্মদ আশরাফুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটারদের ঘাটতি দেখা দিয়েছে। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা না থাকায় মিডল অর্ডারে বেশ ভুগছে টাইগাররা। তাদের অভাব পূরণে মিডল অর্ডারে লিটন দাসের থিতু হওয়াটা দলের জন্য অনেক উপকারী হবে বলে মনে করেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

অনেক বছর ধরেই জাতীয় দলে খেলছেন লিটন। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার তিনি। সাধারণত ওপেনিং কিংবা তিনে ব্যাট করলেও সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে মিডল অর্ডারে খেলেন লিটন। এই সিরিজে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। এর আগেও মিডল অর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে লিটনের। তাই আশরাফুল মনে করেন, মিডল অর্ডারে লিটন থিতু হতে পারলে তা দলের জন্য ইতিবাচক হবে।

আজ বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের এই ব্যাটিং কোচ বলেন, ‘লিটনের দলে থিতু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সে টি-টোয়েন্টি অধিনায়ক এবং টেস্টেও ভালো করছে। ওয়ানডেতে তার খারাপ সময় যাচ্ছিল। তবে আমি মনে করি এই সিরিজটা তাকে বেশ আত্মবিশ্বাস দেবে।’



‘আমাদের চার, পাঁচ ও ছয়ে মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছিল। তারা অনেকদিন ধরে না থাকায় আমাদের একজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার যার অনেক বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। এই জায়গায় লিটন থিতু হতে পারলে তা আমাদের দলের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।’- আশরাফুল যোগ করেন।

ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে গত বছর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটনের। এরপর শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। যার ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলানো হয়নি তাকে। সবশেষ পাকিস্তান সিরিজ দিয়ে পুনরায় ওয়ানডে দলে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে মিডল অর্ডারে আশানুরূপ পারফরম্যান্স করেন লিটন। ৩ ম্যাচে ৪২.৫০ গড় ও ৯৪.৪৪ স্ট্রাইক রেটে ৯৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট