
দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইসঙ্গে ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’। আগামীর বাংলাদেশ কেমন হবে, তা ব্যালটের মাধ্যমে নির্ধারণ করছেন দেশের প্রায় ১৩ কোটি ভোটার। ঐতিহাসিক এই ভোট উৎসবে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের তারকা ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্বরা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ঢাকা-৯ আসনের ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল কেন্দ্রে পৌঁছে ভোট প্রদান করেন।
অন্যদিকে, দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোট দিয়েছেন তার নিজ শহর চট্টগ্রামের চট্টগ্রাম-৯ আসনে। দুই তারকাই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণ ছিল তরুণদের অংশগ্রহণ। নীলফামারীর নিজ এলাকা থেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া নিয়ে উচ্ছ্বসিত মারুফা একা নন, তারসঙ্গে কেন্দ্রে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বিসিবি পরিচালক আসিফ আকবর তার ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লায়।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৬/এসএ




























