বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আটলান্টার মাঠজুড়ে শুরু হয় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ-উৎসব। খেলোয়াড়রা মাঠ ঘুরে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। দীর্ঘ সময় ধরে গ্যালারিতে চলে গান, হাততালি আর উচ্ছ্বাস।
স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কয়েকজন আর্জেন্টাইন সমর্থক। তারা বাংলাদেশের মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন সমর্থক বলেন, ‘বাংলাদেশে আমাদের অনেক বন্ধু আছেন। সেখানে আর্জেন্টিনার অসংখ্য সমর্থক রয়েছে। তাই আর্জেন্টিনার পর বাংলাদেশই আমাদের দ্বিতীয় ঘর।’
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যেভাবে বছরের পর বছর আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছে, সেটি তাদের কাছে খুবই বিশেষ। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে এবারও বিশ্বকাপ জিতে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চান তারা।
কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি সমর্থন আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। এরপর থেকে আর্জেন্টিনার ফুটবলার, কোচ এবং সমর্থকেরা বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবারও ফাইনাল নিশ্চিত হওয়ার পর সেই কৃতজ্ঞতার কথা আবারও উঠে আসে সমর্থকদের কণ্ঠে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না। ৫৫ মিনিটে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ সাত মিনিটে দুটি গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয় নিয়ে উচ্ছ্বসিত এক সমর্থক বলেন, দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এমন বিশ্বাস তাদের শুরু থেকেই ছিল।
স্টেডিয়ামের বাইরে তীব্র গরমের মধ্যেও অনেক সমর্থক আর্জেন্টিনার জার্সি গায়ে আনন্দ উদযাপন করেন। একজন সমর্থক বলেন, লিওনেল মেসিই বিশ্বের সেরা ফুটবলার এবং ইংল্যান্ডকে হারানোর আনন্দ সব সময়ই আলাদা। এখন তাদের একটাই লক্ষ্য, ফাইনালে স্পেনকে হারিয়ে আবারও বিশ্বকাপের শিরোপা জেতা।
অন্যদিকে শেষ মুহূর্তের দুই গোলে হার মেনে হতাশ মুখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের সমর্থকেরা। আর আর্জেন্টিনার সমর্থকদের চোখ এখন নিউ জার্সির ফাইনালে। তাদের বিশ্বাস, আর একটি জয় পেলেই আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে প্রিয় দল।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৬/টিএ



