Connect with us
ফুটবল

স্পেনের বিপক্ষে আবারও খেলতে চান আর্জেন্টাইন ফরোয়ার্ড লোপেস

স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলতে মুখিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার ফুটবলার হোসে মানুয়েল লোপেস। তবে সেই আক্ষেপে আটকে থাকতে চান না তিনি। সামনে তাকিয়ে স্পেনের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া ফিনালিসিমা খেলতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ শেষে নিজ শহর লানুসে ফিরে সংবর্ধনা পেয়েছেন লোপেস। স্থানীয় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, শক্তিশালী দলের বিপক্ষে খেলতে সব সময়ই ভালো লাগে। তাই সুযোগ পেলে আবারও স্পেনের মুখোমুখি হতে চান তিনি।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারে হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। সেই ম্যাচ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে লোপেস বলেন, সেরা দলের বিপক্ষে খেলাই একজন ফুটবলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



সামনে আর্জেন্টিনার জন্য নতুন লক্ষ্য অপেক্ষা করছে বলেও মনে করেন লোপেস। তাঁর মতে, সামনে কোপা আমেরিকা রয়েছে। তাই এখন থেকেই সবাইকে সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে।

জাতীয় দলের হয়ে খেলতে পারাকে জীবনের সবচেয়ে বড় অর্জন বলেও উল্লেখ করেন এই ফরোয়ার্ড। তিনি বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। দলের হয়ে অবদান রাখতে পারা এবং সাফল্যের অংশ হতে পারা তাঁকে গর্বিত করে।

নিজ শহরে মানুষের ভালোবাসা পেয়েও আবেগ প্রকাশ করেন লোপেস। তিনি বলেন, লানুসের মানুষের সমর্থন সব সময় তাঁর কাছে বিশেষ। নিজের শহরে ফিরে এমন সম্মান পাওয়া তাঁর জন্য অনেক আনন্দের।

বিশ্বকাপের ফাইনাল নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন লোপেস। তাঁর ভাষ্য, দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত শিরোপা জেতা সম্ভব হয়নি, তবে সবাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। ভবিষ্যতে আবারও ফাইনালে খেলে দেশের জন্য শিরোপা জয়ের আশা প্রকাশ করেন তিনি।

সবশেষ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী লোপেস। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। পরে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেসের জয়সূচক গোলে সহায়তা করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল