শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় জয় এনে দেওয়া দলটির ওপরই আস্থা রাখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ডানপ্রান্তের ডিফেন্ডার ও মিডফিল্ডের একটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, শেষ ষোলোতে মিশরের বিপক্ষে জয় পাওয়া দলটিকেই আবারও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।
স্কালোনি বলেন,‘আগেও কয়েকবার একই একাদশ নিয়ে খেলেছি। এবারও সেটি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্য এক-দুটি পরিবর্তনও হতে পারে। তবে মূলত আগের ম্যাচের মতোই একটি দল মাঠে নামবে। মিশরের বিপক্ষে আমরা অনেক ভালো ফুটবল খেলেছি।’
মিশরের বিপক্ষে দীর্ঘ সময় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করে জয় পায় আর্জেন্টিনা। কোচিং স্টাফের বিশ্লেষণে দেখা গেছে, পুরো ম্যাচজুড়েই বলের দখল ও আক্রমণ গড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল দলটি। তবে সুযোগ নষ্ট করা এবং রক্ষণে কয়েকটি ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে ওঠে। সে কারণেই সফল সেই কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে চাইছেন না স্কালোনি।
তবে দুটি পজিশন নিয়ে এখনো প্রতিযোগিতা রয়েছে। রাইট-ব্যাকে নাহুয়েল মোলিনা ও গনসালো মনতিয়েলের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। অন্যদিকে মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে শুরুর একাদশে রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। যদিও এই মুহূর্তে ম্যাক অ্যালিস্টারই এগিয়ে আছেন।
মিশরের বিপক্ষে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই দুই ফুটবলারই এবার শুরুর একাদশে জায়গা পাওয়ার জোর দাবি জানিয়েছেন।
আক্রমণভাগে হুলিয়ান আলভারেজের জায়গা অনেকটাই নিশ্চিত। যদিও লাউতারো মার্তিনেজের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে, তবু সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আলভারেজকে খেলানোর দিকেই ঝুঁকছেন স্কালোনি।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালের আগে ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ডও। হাঁটুর চোটের কারণে বিশ্বকাপে তিন গোল ও দুই অ্যাসিস্ট করা দলের সর্বোচ্চ গোলদাতা জোহান ম্যানজাম্বিকে পাচ্ছে না তারা। তবে অধিনায়ক গ্রানিত জাকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসিকে নয়, পুরো আর্জেন্টিনা দলকেই হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সুইসরা।
এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে ম্যাচের জয়ী দলের।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৪-২):
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৬/এনডি



