২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কিচ্ছুক্ষণের মধ্যেই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে জয় পাওয়া একাদশেই আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু হবে কোয়ার্টার ফাইনালের এই লড়াই।
অন্যদিকে, সুইজারল্যান্ড তাদের শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরু করা মিডফিল্ডার অ্যারডন জাশারির পরিবর্তে এবার জিব্রিল সো–কে সুযোগ দিয়েছেন কোচ মুরাত ইয়াকিন।
এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরই মধ্যে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড।
দুই দলের পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
সুইজারল্যান্ডের সেরা ফল এসেছে ১৯৯০ ও ২০০৭ সালে, যখন তারা ১-১ গোলে ড্র করতে সক্ষম হয়েছিল। তবে আর্জেন্টিনার বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি সুইসরা।
আর্জেন্টিনার একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
সুইজারল্যান্ডের একাদশ : গ্রেগর কোবেল, ডেনিস জাকারিয়া, নিকো এলভেদি, ম্যানুয়েল আকানজি, রিকার্ডো রদ্রিগেজ, রেমো ফ্রেউলার, গ্রানিত জাকা, ড্যান এনদোয়ে, জিব্রিল সো, ফ্যাবিয়ান রাইডার ও ব্রিল এমবোলো।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৬/এনডি



