Connect with us
ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়তে চায় কেপ ভার্দে

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ বত্রিশে নিজেদের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে যাচ্ছে কেপ ভার্দে। আগামীকাল ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার ছোট এই দেশটি। ম্যাচের আগে কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো জানিয়েছেন, তাঁর দল কোনো অবস্থাতেই লড়াই ছেড়ে দেবে না।

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই দারুণ সাফল্য দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা কোনো ম্যাচ হারেনি। স্পেনের পর দ্বিতীয় হয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলেছে। তাই এখন প্রতিপক্ষরাও কেপ ভার্দেকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কোচ ব্রিতোর বিশ্বাস, ভালো খেলার কারণেই এই সম্মান অর্জন করেছে তাঁর দল।

ম্যাচের আগে তিনি বলেন, ‘আমার মনে হয় বড় দলগুলোর কাছ থেকে আমরা এই সম্মান অর্জন করেছি। আমরা জানি আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। তারা যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে। তবে আমাদেরও নিজেদের সেরাটা খেলতে হবে। সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগাতে হবে।’



কেপ ভার্দের কোচের মতে, শক্ত রক্ষণ গড়ে তোলার পাশাপাশি আক্রমণেও কার্যকর হতে হবে। তিনি চান, পুরো ম্যাচে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ধরে রাখুক। তাঁর ভাষায়, কঠিন পরিস্থিতিতেও ভালো খেলার সামর্থ্য এর আগেও দেখিয়েছে তাঁর দল।

শেষ দিকে গোল হজম করে আফ্রিকার কয়েকটি দলের বিদায়ের কথাও উল্লেখ করেন ব্রিতো। তাই শেষ বাঁশি বাজা পর্যন্ত একই মনোযোগ ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘অনেকে মনে করেন, শক্তিশালী দলের বিপক্ষে দুর্বল দল সহজেই হার মেনে নেয়। কিন্তু আমরা আত্মসমর্পণ করতে মাঠে নামছি না।’

আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচে যে দল জিতবে, তারা শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল