Connect with us
ফুটবল

বিশ্বজুড়ে অপপ্রচার, আইনি পদক্ষেপে যাচ্ছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দল ও খেলোয়াড়দের নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক লা নাসিওনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে লিওনেল মেসির দল। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পুরো আসরজুড়েই বিভিন্ন বিতর্কের কেন্দ্রেও ছিল আর্জেন্টিনা। খেলোয়াড়দের আচরণ, রেফারিং নিয়ে সমালোচনা, ফিফাকে ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য গুজব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।



প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্ট চলাকালে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পাদিত (এডিট করা) ছবি, বিভ্রান্তিকর ভিডিও এবং ভিত্তিহীন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। এএফএর দাবি, এসব অপপ্রচার ছিল পরিকল্পিত এবং এর মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

এ কারণে মানহানি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মামলায় মিথ্যা অভিযোগ ছড়ানো, যাচাইহীন ছবি ও ভিডিও প্রকাশ এবং কোনো প্রমাণ ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।

এএফএ জানিয়েছে, আইনি কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একটি আইনজীবী দল প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ শুরু করেছে। আদালতে উপস্থাপনের জন্য স্ক্রিনশট, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টসহ সংশ্লিষ্ট সব ধরনের নথি সংরক্ষণ করা হচ্ছে।

লা নাসিওন আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় কিংবা জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হবে না। মূলধারার গণমাধ্যম, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী অ্যাকাউন্টের পাশাপাশি মিথ্যা তথ্য প্রচার বা শেয়ার করা সাধারণ ব্যবহারকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এএফএর ভাষ্য, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হয়েছে, তার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল