বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে এ নিয়ে নানা আলোচনা চললেও এবার বিষয়টি উঠল সংবাদ সম্মেলনেও। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব বত্রিশের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
প্রশ্নের জবাবে স্কালোনি অভিযোগটি স্পষ্টভাবে নাকচ করে দেন। তিনি বলেন, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তার মতে, ‘এর সবচেয়ে সহজ উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। আপনি যদি এসব না দেখেন, তাহলে এসব নিয়ে ভাবতেও হবে না।’
স্কালোনির মতে, এখন প্রমাণ ছাড়াই যে কেউ যেকোনো দাবি ছড়িয়ে দিতে পারে। এরপর সেটি খুব অল্প সময়ের মধ্যেই অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তাই এমন কথাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি।
আর্জেন্টিনা কোচ বলেন, ‘আজকাল কেউ কোনো প্রমাণ ছাড়াই কিছু লিখে দিতে পারে। এরপর ছোট একটি বিষয়ও অনেক বড় করে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয়, এসবকে একেবারেই গুরুত্ব দেওয়া উচিত নয়।’
নিজেদের সাফল্যের ব্যাখ্যাও দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, আর্জেন্টিনার অর্জনের পেছনে কোনো বিশেষ সুবিধা নেই। এই সাফল্য এসেছে পুরো দলের কঠোর পরিশ্রমের মাধ্যমে। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিট দেখভালের দায়িত্বে থাকা মারিও দে স্তেফানো—প্রত্যেকের অবদান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নিজের অবস্থান জানিয়ে স্কালোনি বলেন, এর ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও রয়েছে। কারণ যে কেউ যেকোনো কিছু লিখে দিতে পারে, আর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এসব আলোচনায় তার দল কোনো গুরুত্ব দিচ্ছে না।
রাউন্ড অব বত্রিশে আজ বাংলাদেশ সময় দিবাগত ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জিতলেই শেষ ষোলো নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৬/টিএ



