
হাঁটুর চোট কাটিয়ে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। সব ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই মাঠে দেখা যাবে এই সেন্টার ব্যাককে। ফলে নকআউট পর্ব শুরুর আগে স্বস্তির হাওয়া বইছে আর্জেন্টিনা শিবিরে।
আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোমেরোর অনুশীলনে ফেরা রক্ষণভাগ নিয়ে কোচ লিওনেল স্কালোনির দুশ্চিন্তা অনেকটাই কমেছে।
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে হাঁটুতে চোট পান ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। ম্যাচের ৫৭তম মিনিটে অস্বস্তি অনুভব করার পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ওই চোটের কারণেই জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারেননি রোমেরো।
রোমেরোর অনুপস্থিতিতে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে একাদশে জায়গা দেন স্কালোনি। সেই ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়েই গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/৩০জুন২৬/এনডি



















