Connect with us
ক্রিকেট

আর্জেন্টিনা এতটাও খারাপ খেলেনি, মানুষ যতটা বলে: কোচ স্কালোনি

আমরা ঠিক পথেই আছি’—আর্জেন্টিনাকে নিয়ে আত্মবিশ্বাসী স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নিজের দলকে ঘিরে হওয়া সমালোচনার জবাব দিয়েছেন আর্জেন্টিনার প্রধান প্রশিক্ষক লিওনেল স্কালোনি। তাঁর মতে, অনেকেই যেভাবে বলছেন, আর্জেন্টিনা আসলে ততটা খারাপ খেলেনি। এই পর্যায়ে পৌঁছাতে হলে ভালো খেলাই লাগে, আর সেটাই করেছে তাঁর দল।

এবারের বিশ্বকাপে নিজেদের গ্রুপে সব ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। এরপর একে একে কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। তবে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে জয় পেতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হওয়ায় অনেক সমর্থক দলের খেলায় সন্তুষ্ট নন।

আটলান্টায় সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মানুষ যতটা খারাপ বলছে, দল ততটা খারাপ খেলছে না। তাঁর মতে, ‘এত দূর আসতে হলে নিশ্চয়ই আমরা মাঠে ভালো কিছু করেছি।’ তিনি আরও বলেন, খেলোয়াড়দের প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। কারণ, এই দলই গত কয়েক বছরে দেশকে তিনটি শিরোপা এনে দিয়েছে এবং আবারও বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছে।



দলের খেলার ধরন নিয়ে কোনো অভিযোগ নেই বলেও জানান স্কালোনি। তাঁর মতে, বিশ্বকাপ শুরুর আগে যদি কেউ সেমিফাইনালে ওঠার সুযোগ দিত, তাহলে সেটিই তারা গ্রহণ করতেন। এখন তাদের লক্ষ্য একটাই, ফাইনালে ওঠা। সেই লক্ষ্য পূরণে খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে বলেও বিশ্বাস তাঁর।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ ঘিরে দুই দেশের পুরোনো রাজনৈতিক বিরোধ নিয়েও প্রশ্ন করা হয় স্কালোনিকে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাঠের লড়াইকে তারা রাজনীতির সঙ্গে মেলাতে চান না। তাঁর মতে, এটি শুধু একটি ফুটবল ম্যাচ, আর দল পুরো মনোযোগ দিচ্ছে মাঠের খেলাতেই।

আজ রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট