বিশ্বকাপ শেষ হওয়ার পর কয়েক দিন নিজের জন্মশহর পুজাতোতে কাটিয়ে সেখান থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে বিদায়ের সময় শহরের মানুষের জন্য রেখে গেছেন একটি ছোট্ট বার্তা। বাবা-মায়ের বাড়ির দরজায় হাতে লেখা একটি চিরকুট টাঙিয়ে সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি।
শনিবার রাতে পুজাতো ছাড়েন স্কালোনি। যাওয়ার আগে দরজায় লিখে যান, ‘লিও গত রাতে চলে গেছে। এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’ মূলত যারা তাঁকে শেষবারের মতো দেখতে বা বিদায় জানাতে আসতে চেয়েছিলেন, তাদের উদ্দেশেই এই বার্তা রেখে যান তিনি।

বিশ্বকাপের ফাইনালের পর নিজের জন্মশহরে ফিরেছিলেন স্কালোনি। ছোট্ট এই শহরে তাঁর আগমন ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। টানা কয়েক দিন শত শত মানুষ তাঁর বাবা-মায়ের বাড়ির সামনে ভিড় করেন। কেউ ছবি তুলেছেন, কেউ শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ শুধু কাছ থেকে একবার দেখার জন্য অপেক্ষা করেছেন।
ব্যস্ততার মাঝেও নিজের শৈশবের স্মৃতির কাছে ফিরে যান আর্জেন্টিনার এই কোচ। শহরের বিভিন্ন সড়কে সাইকেল চালিয়ে ঘুরেছেন তিনি। পাশাপাশি স্থানীয় একটি ফুটবল ম্যাচও মাঠে বসে উপভোগ করেন। এই ক্লাব থেকেই ছোটবেলায় তাঁর ফুটবল জীবন শুরু হয়েছিল।
পুজাতো ছাড়ার পর স্কালোনি কোথায় গেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে স্পেনে ফিরেছেন। আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে আবারও আর্জেন্টিনা দলের দায়িত্বে দেখা যাবে তাঁকে। তবে বছরের শেষে চুক্তি শেষ হওয়ার পর তিনি দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি
ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৬/টিএ



