সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের সঙ্গে এসেছে আরেকটি বড় অর্জন। টানা সর্বোচ্চ ম্যাচে দুই বা তার বেশি গোল করার নতুন রেকর্ড গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এত দিন যে রেকর্ডটি ছিল উরুগুয়ের দখলে, ৭২ বছর পর সেটি নিজেদের করে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
এর আগে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে অন্তত দুটি করে গোল করেছিল উরুগুয়ে। সেই রেকর্ডই এবার ভেঙেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে তিন গোল করে টানা ১২তম ম্যাচেও দুই বা তার বেশি গোলের দেখা পেয়েছে তারা।
এই ধারার শুরু ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ২–০ গোলের জয় দিয়ে। এরপর পোল্যান্ডকে ২–০ এবং অস্ট্রেলিয়াকে ২–১ গোলে হারায় আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ২–২ গোলে শেষ হলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত জেতে টাইব্রেকারে। এরপর ক্রোয়েশিয়াকে ৩–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফ্রান্সের বিপক্ষে ৩–৩ গোলে ড্রয়ের পর শিরোপা জেতে।
চলতি বিশ্বকাপেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়ার জালে তিনবার বল পাঠানোর পর অস্ট্রিয়াকে হারিয়েছে ২–০ গোলে। এরপর জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে টানা তিনটি ম্যাচেই করেছে তিনটি করে গোল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও তিনবার জাল কাঁপিয়ে নতুন রেকর্ড গড়ে তারা।
সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই লিওনেল মেসির কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আলেক্সিস মাক আলিস্তার। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড সমতা ফেরালেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেসের দুর্দান্ত গোল আর্জেন্টিনাকে আবার এগিয়ে দেয়। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা সবশেষ দুই গোলের কম করেছিল ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে। সেই ম্যাচে ২–১ গোলে হারের পর থেকে প্রতিটি বিশ্বকাপ ম্যাচেই অন্তত দুইবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে তারা। ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে আর্জেন্টিনা এখন বিশ্বকাপ ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচে দুই বা তার বেশি গোল করা দলের তালিকায় এককভাবে শীর্ষে।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৬/টিএ



