Connect with us
ক্রিকেট

নতুন দায়িত্ব কাঁধে নিচ্ছেন বাশার-রাজ্জাক?

habibul bashar and abdur razzak
হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পৃথক দায়িত্বে রয়েছেন। এবার নতুন ভূমিকায় নিজেদের প্রস্তুত করছেন সাবেক এই দুই ক্রিকেটার।

জানা গেছে, বাশার-রাজ্জাক দুজনই অংশ নিচ্ছেন বিসিবির আয়োজন করা ‘ম্যাচ রেফারি ওরিয়েন্টেশন প্রোগ্রামে’। একটি জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।

আরও জানা গেছে, সম্প্রতি বিসিবির আম্পায়ার্স বিভাগ এই প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দেয়, যার মূল লক্ষ্য- সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে দক্ষ ও অভিজ্ঞ ম্যাচ রেফারি তৈরি করা। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার হতে হবে, ইংরেজি ভাষায় দক্ষ যোগাযোগ করতে পারতে হবে, এছাড়াও স্মার্ট উপস্থিতি ও ভালো ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে।




আরও পড়ুন

» মনোনয়ন বাতিল, বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক

» পাঞ্জাবকে হারিয়ে ৯ বছর পর আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু


বর্তমানে বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সমন্বয়কের দায়িত্বে আছেন। আগের বোর্ডে তিনি জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন।

অপরদিকে, আব্দুর রাজ্জাক জাতীয় দলের নির্বাচক প্যানেলের সক্রিয় সদস্য। এবার তারা দুজনই ক্রিকেটের আরেক গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ার পথে।

এদিকে বাশার-রাজ্জাকের অংশগ্রহণ কেবল এই কর্মসূচির গুরুত্বকেই বাড়িয়ে তুলছে না, বরং বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার দিকও স্পষ্ট করছে।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের ২ জুনের মধ্যে সিভি ও আবেদনপত্র জমা দিতে বলা হয়েছিল।

জানা গেছে, বাশার ও রাজ্জাক এরই মধ্যে আবেদন করেছেন এবং শিগগিরই তারা ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেবেন।

বোর্ড সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও সাবেক তারকাকে দেখা যাবে ম্যাচ রেফারির ভূমিকায়। একসময় যারা মাঠে পারফরমার ছিলেন, এবার তারা মাঠের বাইরের শৃঙ্খলার রক্ষক হবেন।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট