Connect with us
ক্রিকেট

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরও এক পরিচালক

Another director has resigned from the BCB.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি- সংগৃহীত

বড় সংকটের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত সপ্তাহেই বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নতুন নাম। বিসিবি থেকে পদত্যাগ করেছেন আরও একজন পরিচালক।

এবার বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ইয়াসির।

বিসিবি থেকে পদত্যাগের বিষয়ে খোলাসা করে কিছু জানাননি ইয়াসির। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।



অবশ্য বিসিবির নির্বাচিত পরিচালক ছিলেন না ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবি পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। পরিচালক হওয়ার পর বোর্ডের লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি। এছাড়া বোর্ডের বিভিন্ন প্রশাসনিক ও প্রটোকল সংক্রান্ত কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন বলে জানা গেছে।

বোর্ডের কার্যক্রম শুরুর পর থেকেই নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি। বোর্ডের গেলো নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত ৬ মাস ধরে ঘরোয়া ক্রিকেট বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। যে কারণে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সময়মতো মাঠে গড়ায়নি।

চলমান এই সংকট মোকাবিলায় আগামী ৪ এপ্রিল (শনিবার) বোর্ড মিটিংয়ের ডাক দিয়েছে বিসিবি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন কার্যালয়ে মিটিংটি শুরু হবে বেলা এগারোটায়। সেখানে ডিপিএল ও অন্যান্য ইস্যু সমাধানের বিষয়ে আলোচনা হতে পারে।

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট