
২০২৫ বিপিএলে ফিক্সিং ইস্যুতে তোলপাড় হয়েছিল দেশের ক্রিকেট। ফিক্সিংয়ে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারের তালিকায় নাম ছিল এনামুল হক বিজয়ের। যে কারণে বিপিএলসহ ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে অংশ নিতে পারেননি তিনি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ফের মাঠে ফিরছেন এই ওপেনার।
আজ শনিবার (১৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম কার্যালয়ে শুরু হয়েছে ডিপিএলের দলবদল অনুষ্ঠান। সেখানে এনামুলকে দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী এই ক্লাবটির হয়ে আসন্ন ডিপিএল মাতাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ডিপিএলে দল পাওয়ার পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এনামুল। এসময় নিজের প্রস্তুতি, ফিক্সিং ইস্যু, নতুন বোর্ড নিয়ে কথা বলেছেন এই ওপেনার।
অনেকদিন পর বাইশ গজে ফিরছেন এনামুল। অনেকদিন মাঠের বাইরে থাকলেও ডিপিএলের জন্য শতভাগ প্রস্তুত না হলেও মানসিকভাবে প্রস্তুত তিনি। বিজয় বলেন, ‘একদম শতভাগ প্রস্তুত না। তবে আমার হাতে আরও ১৫ দিনের মতো সময় আছে। আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। গত কিছুদিন ধরে অনুশীলন করছি। আশা করছি প্রিমিয়ার লিগ শুরুর আগেই পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামতে পারবো।’
ফিক্সিং ইস্যুতে দীর্ঘদিন বন্ধ ছিল এনামুলের খেলা। তার দাবি, তিনি কখনও ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না। এ নিয়ে সংবাদমাধ্যমেও তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
এনামুল বলেন, ‘আমি যেটা করিনি, সেটাও কখনো কখনো স্বীকার করব না। সামাজিক মাধ্যমে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন ঘটনাটা অন্যভাবে ঘটেছে। সংবাদমাধ্যমেও বিষয়টা ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে আমাকে উপস্থাপন করা হয়েছে।’
তবে এনামুল আশাবাদী নতুন বোর্ড তার এই ইস্যুটি ভালোভাবে সবার সামনে উপস্থাপন করবে। এ বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে তারা। এনামুল বলেন, ‘আমি চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়গুলো সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করুক। আমি ব্যক্তিগতভাবে সভাপতি এবং বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সঙ্গে কথা বলেছে। আশা করি এই ধারাটা ভবিষ্যতেও চলমান থাকবে।’
গত মার্চে মাঠে গড়ানোর কথা ছিল এবারের ডিপিএল। তবে বোর্ডের সঙ্গে ক্লাবগুলোর দ্বন্দ্বের কারণে তা পিছিয়ে গেছে। অবশেষে আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে লিস্ট ‘এ’ ক্রিকেটের এই প্রতিযোগিতা।
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৬/বিটি



















