
সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাটিতে সফরকারীদের ২-১ ব্যবধানে হারায় মেহেদি হাসান মিরাজের দল। তবে এই সিরিজের স্কোয়াডে ছিলেন না অভিজ্ঞ ব্যাটার ফখর জামান ও বাবর আজম। চোটের কারণ দেখিয়ে তাদের স্কোয়াডে না রাখার কথা জানানো হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। পরবর্তীতে এ নিয়েও তৈরি হয় বিতর্ক।
পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ জানান, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি ফখর জামানকে। তবে চোটের কারণে বাংলাদেশ সিরিজ মিস করলেও পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলতে দেখা গেছে তাকে। আর নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন ফখর জামান। নিজের অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে ফখর লিখেন, ‘৫০ ওভারের ম্যাচ খেলার জন্য আমি শতভাগ ফিট ছিলাম না। আকিব জাভেদ এই বিষয়ে ঠিকই বলেছিলেন। আমি ১৫ তারিখে ফিটনেস টেস্টে পাস করার পরই এই ম্যাচগুলো খেলছি।’
পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শুরু হয়েছিল ৭ মার্চ। এই টুর্নামেন্টে অ্যাবোত্তাবাদ অঞ্চলের হয়ে গত ১৬ মার্চ একটি ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচে ডাক মারেন এই অভিজ্ঞ ওপেনার। আজ বুধবার (১৮ মার্চ) টুর্নামেন্টের ফাইনালে করাচি অঞ্চলের বিপক্ষে খেলবে ফখররা।
মূলত বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পরই ফখর ও বাবরকে স্কোয়াডে না রাখার বিষয়ে বেশ আলোচনা হয়। এই সিরিজের স্কোয়াডে ৬ অনভিষিক্ত ক্রিকেটারকে স্কোয়াডে রেখেছিল পাকিস্তান। তবে বাংলাদেশে এসে সুবিধা করতে পারেনি তারা। ২-১ ব্যবধানে সিরিজ হেরে বেশ সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/বিটি






















