
বড় স্বপ্ন নিয়ে আসর শুরু করে খালি হাতে ফিরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফর্ম্যান্স একেবারেই বাজে হয়েছে। এবার দ্বিপাক্ষিক সিরিজের পালা। বাংলাদেশ সফর দিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ফিরছে পাকিস্তান। কিন্তু এই সিরিজের আগেই একাধিক দুঃসংবাদ পাক শিবিরে।
শুরুতে বিশ্বকাপে বাজে খেলার খেসারতে দলের প্রতিটা ক্রিকেটারকে ৫০ লাখ রূপি করে জরিমানা করেছে পিসিবি। এরপর এসেছে নতুন দুঃসংবাদ। পিসিবির নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার।
মঙ্গলবার (৩ মার্চ) পাকিস্তানের গণমাধ্যম শামা টিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ফলে ওই পদটা শূণ্য রয়েছে।
গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারে পাকিস্তান। সুপার এইটে আরও বাজে চেহরা ছিল। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার সেমিফাইনালের স্বপ্ন এক প্রকার ফিঁকে হয়ে যায়। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও সমীকরণ মেলাতে না পেরে বিদায় নেয় সালমান আগার দল।
বিশ্বকাপে এমন ব্যর্থতার পর কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। ক্রিকেটারদের জরিমার পাশাপাশি কোচিং স্টাফদেরও জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। প্রশাসনিক পরিবর্তনের সূচনা হিসেবে নির্বাচক প্যানেলে প্রথম বড় রদবদল।
তবে পদত্যাগ করা আলিম দারের স্থলাভিষিক্ত কে হচ্ছেন, কিংবা নির্বাচক কমিটিতে আরও পরিবর্তন আসছে কি না সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ওই সফরের আগেই সবকিছু চূড়ান্ত হবে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৬/এনজি























