Connect with us
ক্রিকেট

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আজিঙ্কা রাহানে

অবসর নিলেন রাহানে। ছবি: সংগৃহীত

ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আজিঙ্কা রাহানে বলেন, তাঁর কাছে এখন মনে হচ্ছে ক্রিকেটকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।

অবসরের বার্তায় আজিঙ্কা রাহানে বলেন, ব্যাটিংয়ে যেমন সময়জ্ঞান গুরুত্বপূর্ণ, তেমনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ারও একটি উপযুক্ত সময় থাকে। ছোটবেলায় অনুশীলন শুরু করা থেকে দেশের হয়ে মাঠে নামা পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাঁর কাছে ছিল স্মরণীয়। ভারতের জার্সি গায়ে খেলাই ছিল তাঁর সবচেয়ে বড় স্বপ্ন।

আজিঙ্কা রাহানে আরও বলেন, নিজের পুরো ক্যারিয়ারে সব সময় দেশ ও দলকে ব্যক্তিগত অর্জনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সততার সঙ্গে ক্রিকেট খেলেছেন এবং বিশ্বাস করেছেন, নিষ্ঠা ও পরিশ্রমের মূল্য একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।



২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আজিঙ্কা রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ২০টি টি–টোয়েন্টি খেলেছেন। টেস্ট ক্রিকেটে ১২টি শতকের সাহায্যে ৫ হাজার ৭৭ রান করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ২ হাজার ৯৬২ রান। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আজিঙ্কা রাহানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২০-২১ মৌসুমে। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ে। প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর দলকে ঘুরে দাঁড় করিয়ে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দেশের তুলনায় বিদেশের মাটিতেই তাঁর পারফরম্যান্স ছিল বেশি উজ্জ্বল। টেস্টে করা ১২টি শতকের মধ্যে ৮টিই এসেছে দেশের বাইরে।

অবসরের ঘোষণায় আজিঙ্কা রাহানে জানান, ভারতীয় ক্রিকেটের সঙ্গে একজন খেলোয়াড় হিসেবে তাঁর অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। আগামী দিনে তরুণদের পাশে দাঁড়াতে, নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চান তিনি। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অনুষ্ঠিত একশ বলের ক্রিকেট প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট