
পাকিস্তানে সিরিজ হারার পর এবার বাংলাদেশ সফর নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস মনে করছেন, বাংলাদেশেও তাদের একই ধরনের কঠিন কন্ডিশনের মুখোমুখি হতে হতে পারে।
সম্প্রতি পাকিস্তান সফরে স্পিন-সহায়ক ও ধীরগতির উইকেটে বেশ ভুগেছে অস্ট্রেলিয়া। নিচু বাউন্স, বলের টার্ন এবং গরম আবহাওয়া মিলিয়ে ব্যাটারদের জন্য রান করা সহজ ছিল না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে সফরকারীরা।
সিরিজের কোনো ম্যাচেই আড়াইশো রান করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ২০০ রানে গুটিয়ে গিয়ে হারের মুখ দেখে তারা। দ্বিতীয় ম্যাচে ২৩১ রান করে জয় পেলেও শেষ ম্যাচে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায় দলটি।
সিরিজ শেষে বাংলাদেশ সফর নিয়ে কথা বলতে গিয়ে ইংলিস বলেন, এখানকার অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। তার ধারণা, বাংলাদেশেও একই ধরনের উইকেট দেখা যেতে পারে।
তিনি বলেন, বাংলাদেশে কী ধরনের উইকেট পাওয়া যাবে, সেটি মাঠে নামার পরই পরিষ্কার হবে। তবে পাকিস্তানে খেলার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।
এই সফরে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ছিলেন অলিভার পিক, কুপার কনোলিসহ আরও কয়েকজন তরুণ। কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য উপকারী হবে বলে মনে করেন ইংলিস।
তার মতে, উপমহাদেশের কন্ডিশনে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য সব সময়ই বড় চ্যালেঞ্জ। স্পিন মোকাবিলা, বলের আচরণ বুঝে খেলা এবং দীর্ঘ সময় ধৈর্য ধরে ব্যাটিং করার মতো বিষয়গুলো এখানে শেখার সুযোগ থাকে।
ইংলিস বলেন, দলের তরুণ ক্রিকেটাররা এই সফর থেকে অনেক কিছু শিখেছে। বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে কাজে দেবে।
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে পাকিস্তান সফরে প্রথমে নেতৃত্ব দেন মিচেল মার্শ। পরে চোটের কারণে তিনিও ছিটকে গেলে অধিনায়কের দায়িত্ব পান ইংলিস। বাংলাদেশ সফরে মার্শ খেলবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
তবে বাংলাদেশ সফরে ট্রাভিস হেডকে পাওয়া অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর। তার উপস্থিতি দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে সফরকারীরা।
আগামী মঙ্গলবার মিরপুরে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তানে প্রত্যাশিত ফল না পেলেও সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/৫জুন২৬/টিএ





















