Connect with us
ফুটবল

পেনাল্টি মিসের পর মনে হয়েছিল আমিই দলকে ডুবিয়ে দিলাম: মেসি

পেনাল্টি মিসের পর নিজের ওপরই ক্ষুব্ধ ছিলেন মেসি। ছবি: সংগৃহীত

পেনাল্টি মিস করার হতাশা অনেক সময় একজন ফুটবলারের মন থেকে সহজে দূর হয় না। মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পরও সেই আক্ষেপ ভুলতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, পেনাল্টি মিস করার পর তাঁর মনে হয়েছিল, সেই ভুলের কারণেই হয়তো দলকে হারতে হবে।

ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করে সমতায় ফেরার সুযোগ ছিল মেসির সামনে। কিন্তু তাঁর নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। এরপর আরও চাপে পড়ে আর্জেন্টিনা। একসময় তারা ২-০ গোলে পিছিয়ে যায়। তখন অনেকেই ধরেই নিয়েছিলেন, বিদায়ের মুখে দাঁড়িয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে শেষ পর্যন্ত ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেয় আর্জেন্টিনা। শেষ ভাগে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। এই জয়ে একটি গোল করেন মেসি, আরেকটি গোলে সরাসরি অবদানও রাখেন তিনি। ফলে দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।



ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অনুভূতির কথা জানান মেসি। তিনি বলেন, ‘পেনাল্টি মিস করার পর নিজের ওপর খুব রাগ হয়েছিল। যেভাবে শট নিয়েছিলাম, তাতে আমার মনে হচ্ছিল আমি পুরো দলকে হারিয়ে দিলাম।’

কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ প্রকাশ করে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘দুই গোলে পিছিয়ে থাকার পর ফিরে আসা সহজ নয়। আমরা পরের পর্বে উঠতে পেরেছি, সেটিই সবচেয়ে বড় বিষয়। তবে যেভাবে আমরা ফিরে এসেছি, সেটি আরও বেশি আনন্দের। কঠিন পরিস্থিতিতে সবাই একসঙ্গে লড়াই করেছে।’

এই জয়টি আর্জেন্টিনার জন্য বিশেষ একটি রেকর্ডও এনে দিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছে দলটি। তাই আবারও সতীর্থদের মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন মেসি।

তিনি বলেন, ‘এই দল আবারও প্রমাণ করেছে, তারা কখনো হাল ছেড়ে দেয় না। আমি জানি এই খেলোয়াড়েরা কীভাবে নিজেদের প্রস্তুত করে এবং কঠিন সময়েও বিশ্বাস ধরে রাখে। এই দলের সঙ্গে থাকতে পারা আমার জন্য গর্বের। আমরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।’

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল