Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সিরিজে বাবরের বাদ পড়ার কারণ জানালেন আফ্রিদি

Babar Azam and Saheen Afridi
বাবর আজম ও শাহিন আফ্রিদি। ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের সবচেয়ে বড় চমক বাবর আজমের বাদ পড়া। গত বছর পাকিস্তানের সবগুলো ওয়ানডে সিরিজেই ছিলেন তিনি। তবে সবাইকে অবাক করেই বাংলাদেশ সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই সাবেক অধিনায়ককে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তবে বাবর বাদ পড়েছেন সেটা মানতে নারাজ শাহিন। তার ব্যাখ্যা অনুযায়ী, তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবরের বাদ পড়ার বিষয়ে শাহিন বলেন, ‘দেখুন, এই সিরিজের জন্য কাউকে বাদ দেওয়া হয়নি। আমরা এই সিরিজে আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি। তারাই আমাদের ভবিষ্যৎ। তাই আমরা চেয়েছি, তারা বাংলাদেশ সিরিজে যেন খেলার সুযোগ পায়।’



বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। আগামী বছর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তাই এখন থেকেই তরুণদের প্রস্তুত করতে চায় পাকিস্তান। শাহিন বলেন, ‘আমি মনে করি সময় এলে দলে তাদের ভূমিকা তারা বুঝবে। আমরা আমাদের দলকে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চাই। এই সিরিজটি তরুণদের জন্য দারুণ সুযোগ। এই সিরিজ দিয়ে তারা তাদের দক্ষতা দেখাতে পারবে।’

পাকিস্তান দলে বাবর ছাড়াও নেই মারকুটে ওপেনার সাইম আয়ুব। এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন ফখর জামান। তাই টপ অর্ডারে দেখা যাবে নতুন মুখ। কালই শাহিবজাদা ফারহানসহ তিন নতুন ক্রিকেটারের অভিষেক হচ্ছে।

শাহিন বলেন, ‘আমাদের তিনজন নতুন খেলোয়াড়ের অভিষেক হবে। শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত ওপেন করবে। শামিল হুসেইন তিনে খেলবেন। তিনজন নতুন খেলোয়াড়ের অভিষেক হবে এবং আমি আশা করি তারা তাদের খেলা খেলবে এবং তাদের দক্ষতা দেখাবে।’

আগামীকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট