Connect with us
ক্রিকেট

নিয়ম ভেঙে অতিথি আনা, আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা

Shaheen Shah Afridi
শাহীন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত

নিরাপত্তা বিধি না মানার ঘটনায় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করেছে তার দল। খেলোয়াড়দের নির্ধারিত এলাকায় অনুমতি ছাড়া অতিথি প্রবেশ করানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তারা অভ্যন্তরীণভাবে তদন্ত করে দেখেছে। তদন্তে উঠে এসেছে, ঘটনাটি পরিকল্পিতভাবে নিয়ম ভাঙার উদ্দেশ্যে করা হয়নি। বরং ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি তৈরি হয়। দলটির দাবি, বাইরে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার তুলনায় অনেকটাই বাড়িয়ে বলা হয়েছে।

সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাতে শাহিন আফ্রিদি ও দলের অলরাউন্ডার সিকান্দার রাজার সঙ্গে দেখা করতে চারজন অতিথি হোটেলে আসেন। তারা খেলোয়াড়দের সঙ্গে দেখা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চান। কিন্তু নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের খেলোয়াড়দের তলায় যাওয়ার অনুমতি দেননি।



তবে অনুমতি না পেলেও পরে নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজা ওই অতিথিদের নিজেদের কক্ষে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে তারা কয়েক ঘণ্টা অবস্থান করেন। এ বিষয়ে পাকিস্তান সুপার লিগের প্রধান নির্বাহী সালমান নাসিরের কাছেও একটি প্রতিবেদন পাঠানো হয়, যেখানে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে ঘটনাটির বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

যদিও সিকান্দার রাজা এ বিষয়ে ভিন্ন কথা বলেছেন। তার দাবি, তারা অতিথিদের সঙ্গে খুব বেশি সময় ছিলেন না। তিনি জানান, অতিথিরা তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন হওয়ায় তিনি তাদের সঙ্গে নিরিবিলি জায়গায় কিছু সময় কাটাতে চেয়েছিলেন। এ কারণে তার অনুরোধেই শাহিন আফ্রিদি নিচে গিয়ে তাদের নিয়ে আসেন। পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েই রাজা বলেন, এতে শাহিনের কোনো দোষ নেই।

ঘটনার পরপরই লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের উদ্যোগেই অধিনায়কের ওপর জরিমানা আরোপ করে। দলটি তাদের বিবৃতিতে জানায়, খেলোয়াড়দের মধ্যে দায়িত্ববোধ এবং নিয়ম মানার বিষয়টি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও জমা দেওয়া হয়েছে।

চলতি পাকিস্তান সুপার লিগে শাহিন আফ্রিদির নেতৃত্বে লাহোর কালান্দার্স এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে। একটি ম্যাচে জয় পেলেও অন্যটিতে হেরে তারা পয়েন্ট তালিকার ওপরের দিকেই অবস্থান করছে। দলটি শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই এবারের আসরে খেলছে।

ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট