
জাতীয় দলের হয়ে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন আফ্রিদি। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরুষ্কার দেওয়া হয়।
পাকিস্তান ক্রিকেটে অবদানের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও মূল্যায়ন করা হয়েছে এই সম্মাননায়।
বিশেষভাবে স্মরণ করা হয় ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির অনন্য ভূমিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে তিনি বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রান করে পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির ক্যারিয়ারও ছিল বর্ণাঢ্য। ওয়ানডেতে ৩৯৮ ম্যাচে তিনি ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট শিকার করেন। এছাড়া ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ১৪১৬ রান ও ৯৮ উইকেট।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। পাকিস্তান সুপার লিগ, আইপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন বড় টি-টোয়েন্টি লিগে খেলেছেন আফ্রিদি।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/এনডি





















