
আফগানিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় না। তারা নিজেদের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না। যার ফলে ভাড়া করা মাঠেই হোম ভেন্যু হিসেবে সিরিজ আয়োজন করে থাকে দেশটির ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান তাদের হোম ভেন্যু হিসেবে কখনও আরব আমিরাত, কখনও আবার ভারতের মাঠ ব্যবহার করে থাকে। গত বছর আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ আয়োজন করেছিল তারা। এবার ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলতে যাচ্ছে আফগানরা।
ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য ভারতের ভেন্যুই ব্যবহার করতে যাচ্ছে আফগানিস্তান। অর্থাৎ ভারতের মাটিতেই ভারতকে আতিথেয়তা দেবে আফগানরা। তাতে নিজেদের দেশেই সফরকারী দল হিসেবে খেলতে যাচ্ছে ভারত।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথেয়তা দেবে আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। যদিও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, সেপ্টেম্বরের ১৩, ১৬ ও ১৯ তারিখে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজের ম্যাচগুলো।
এর আগে ভারতের বিপক্ষে কখনো হোম সিরিজ খেলা হয়নি আফগানিস্তানের। সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে ভারতের বিপক্ষে আফগানিস্তানের প্রথম হোম সিরিজ। সেটাও আবার হতে যাচ্ছে ভারতের মাটিতেই। এমনকি এই সিরিজের জন্য দিল্লী প্রিমিয়ার লিগের সূচিতেও পরিবর্তন আনা হতে পারে।
অবশ্য ভারতের বিপক্ষে হোম সিরিজের আগে একটি অ্যাওয়ে সিরিজও খেলতে যাচ্ছে আফগানিস্তান। চলতি মাসেই একটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে আফগানিস্তানকে আতিথ্য দেবে ভারত। আগামী ৬ জুন মাঠে গড়াবে একমাত্র টেস্ট। এরপর ১৩, ১৭ ও ২০ জুন তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতেই ভারতের বিপক্ষেই স্বাগতিক দল হিসেবে খেলবে আফগানিস্তান।
ক্রিফোস্পোর্টস/২জুন২৬/বিটি




















