Connect with us
ফুটবল

বাংলাদেশের জার্সি গায়ে খেলতে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস

বাংলাদেশের যুব দলে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই লক্ষ্যেই ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে উন্নয়ন কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ। এখন শুধু আব্বাসের বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষা।

জাহেদী আরও বলেন, আব্বাসসহ বিদেশে বেড়ে ওঠা পাঁচজন ফুটবলারকে বিবেচনায় রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত কারা ২৩ সদস্যের দলে জায়গা পাবেন, সেই সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ ও কোচিং দল।



আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কোচিং দলের পরিকল্পনার অংশ হিসেবেই আক্রমণভাগে আরও শক্তি যোগ করতে আব্বাসকে দলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইংল্যান্ডে বেড়ে ওঠা আব্বাস বয়সভিত্তিক পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে খেলেছেন। পরে বার্নলির অনূর্ধ্ব-১৮ দলেও ছিলেন। তার গতি, দুই প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলার সামর্থ্য এবং একাধিক আক্রমণাত্মক ভূমিকায় খেলার দক্ষতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজর কাড়ে।

গত এপ্রিল থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপর নাগরিকত্ব ও প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শেষ করা হয়। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন শিবিরে যোগ দেওয়ার পথও খুলে গেছে। বাছাইপর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল