
সব নাটকীয়তার অবসান ঘটিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। কয়েক সপ্তাহ ধরে চলা নাটকীয়তায় হয়েছে অনেক আলোচনা-সমালোচনা, হয়েছে বাকযুদ্ধ। কয়েকদিন ধরে চলা বাকযুদ্ধে ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারের করা মন্তব্যে চটেছেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার সাকলায়েন মুশতাক।
‘গেম অন হে’ শো তে ভারতীয় এক ক্রিকেটারের উপর ক্ষোভ ঝেড়ে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সম্প্রতি এক সাবেক ক্রিকেটার, নাম বলছি না; কারণ সেটা ঠিক মনে হচ্ছে না, তাকে জিজ্ঞাস করা হয়েছিল পাকিস্তান নিজেদের সততা ও সম্মানের কথা বলছে। তিনি জবাবে বলেছিলেন, ‘দেখুন, কথা বলার আগে বলি, যাদের শুরু থেকেই কোনো সম্মান নেই, তারা আবার সম্মানের কথা কীভাবে বলে? আমি বলতে চাই, একটু তো সাধারণ বুদ্ধি ব্যবহার করুন!’
ঐ ক্রিকেটারের কড়া সমালোচনা করে সাকলায়েন আরও বলেন, ‘কী ধরনের সংকীর্ণ মনের কথা বলছেন? আপনি একজন সাবেক ক্রিকেটার। খেলোয়াড়দের তো নায়ক ও তারকা হওয়ার কথা। আর তারকারা সবার জন্যই আলো ছড়ায়, নায়ক সবার। অন্তত নায়কের মতো আচরণ করার চেষ্টা করুন।’
রাজনীতিকে ক্রিকেটের সাথে মেশানো উচিত নয় বলে মনে করেন সাকলায়েন। বর্তমানে অনেক ক্রিকেটার রাজনীতিবিদদের মতো কথা বলছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা তারা যা করে সেটাই করছে-তারা রাজনীতির খেলা খেলছে। কিন্তু আপনারা (সাবেক ক্রিকেটাররা) এভাবে কথা বলতে পারেন না। এটা কি বোঝেন না?’
তিনি আরও বলেন, ‘যখন বাউন্ডারি মারেন বা উইকেট নেন, তখন এপাশ-ওপাশ (ভারত-পাকিস্তান) সব দিক থেকেই সবাই হাততালি দেয়। কিন্তু এটা যেন আপনারা বুঝতেই চান না। আমি বলি, সীমান্তের ওপাশে একটু বোধ-বুদ্ধি দরকার; আরও দায়িত্বশীল ও বুদ্ধিদীপ্তভাবে কথা বলা উচিত।’
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৬/এআই



























