
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট। ইতিহাসের প্রথমবারের মতো রানতাড়ায় নেমে সেঞ্চুরি করলেন দুই ব্যাটার। তাতে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ২৫৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছে দলটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিগ ব্যাশের ষষ্ঠ ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে এমন ইতিহাস গড়েছে ব্রিসবেন হিট। ব্রিসবেনের গ্যাবায় আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে পার্থ স্কর্চার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ডাক মেরে ফেরেন কলিন মুনরো। এরপর ম্যাট রেনশ ও জ্যাক উইলডারমুথের জোড়া সেঞ্চুরিতে ইতিহাস গড়ে ব্রিসবেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ বলে ২১২ রান যোগ করেন তারা। দলের জয়ের পথ তৈরি করে রান আউটের শিকার হয়ে বিদায় নেন রেনশ। ৫১ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০২ রান করে বিদায় নেন এই ব্যাটার।

মাত্র ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন ম্যাট রেনশ। ছবি- সিএ
এরপর ম্যাক ব্রায়ান্টকে নিয়ে আরও ২৮ রান যোগ করেন উইলডারমুথ। জয়ের জন্য যখন ২ রান প্রয়োজন তখন বিদায় নেন ব্রায়ান্ট। তার ব্যাটে আসে ১৬ বলে ২৮ রান। এরপর ১ বল বাকি থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইলডারমুথ। ১১০ রান করে অপরাজিত ছিলেন। ৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।

মাত্র ৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন জ্যাক উইলডারমুথ। ছবি- গেটি
এর আগে ব্যাটিংয়ে নেমে পার্থের হয়ে ৩৮ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৭৯ রান করেন ওপেনার ফিন অ্যালেন। তিনে নেমে ৩৭ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন। এছাড়া নিক হবসন ১১ বলে ২৬, অ্যারন হার্ডি ১২ বলে ২৩ এবং লরি ইভানস ৯ বলে ১৬ রানের ক্যামিও খেলেন।
ব্রিসবেনের হয়ে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন হ্যাভিয়ের বার্টলেট। এছাড়া একটি করে উইকেট নেন চার বোলার। অন্যদিকে পার্থের হয়ে একটি উইকেট নেন রিচার্ডসন।
সংক্ষিপ্ত স্কোর :
পার্থ স্কর্চার্স : ২৫৭/৬ (২০ ওভার)
ব্রিসবেন হিট : ২৫৮/২ (১৯.৫ ওভার)
ফলাফল : ব্রিসবেন হিট ৮ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/বিটি


























