Connect with us
ক্রিকেট

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পেলে ভালো দল গড়া যায় : মিরাজ

“A good team can be built with long-term captaincy,” says Miraz.
মেহেদি হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

গত বছরের জুনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করেন মেহেদি হাসান মিরাজ। প্রথম দফায় এক বছরের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল তাকে। তবে সম্প্রতি তার অধিনায়কত্বের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন এই অলরাউন্ডার।

কাউকে কোনো দলের অধিনায়কত্ব দেওয়া হলে সেটা লম্বা সময়ের জন্য হওয়া উচিত বলে মনে করেন মিরাজ। তার মতে, লম্বা সময় পেলে একজন অধিনায়কের পক্ষে একটি ভালো দল গড়া সম্ভব। তবে অল্প সময়ের জন্য দায়িত্ব পেলে দলগড়া কঠিন হয়ে পড়ে বলে মনে করেন এই তারকা।

নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব প্রসঙ্গে মিরাজ বলেন, ‘লম্বা সময়ের জন্য একজন অধিনায়ক যদি থাকেন একটা দলকে খুব ভালোভাবে গড়তে পারে। অল্প সময়ের জন্য কাউকেই দায়িত্ব না দেওয়া হোক। সেক্ষেত্রে তার জন্য দল গড়া অনেক কঠিন হয়ে পড়ে। এটা একটা পজিটিভ দিক আমি খুব ভালো ভাবে পরিকল্পনা করে এগোতে পারব। কোন কন্ডিশনে আমরা কেমন খেলব এবং প্লেয়াররাও মানসিকভাবে স্বাধীন থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলব।’



সিরিজ বাই সিরিজ ভালো করে এবং বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে আসন্ন ২০২৭ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করতে চান মিরাজ। তিনি বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপটা প্রসেসের ব্যাপার এবং লম্বা সময়ের ব্যাপার। সেই পর্যন্ত যেতে গেলে আমাদেরকে একটা প্রসেস মেনে এগোতে হবে এবং সিরিজগুলোতে ভালো করতে হবে। শেষ দুইটা সিরিজে আমরা ভালো করেছি এবং প্লেয়াররাও অনেক আত্মবিশ্বাসী।’

সবশেষ ২০২৩ বিশ্বকাপের আগে ভালো ক্রিকেট খেলেও টুর্নামেন্টে গিয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই অংশ নিতে চান মিরাজরা।

টাইগার দলপতি বলেন, ‘বিগত দিনে এর আগে অনেকবার এরকম হয়েছে। ২০২৩ বিশ্বকাপের আগে আমরা অনেক ম্যাচ জিতেছিলাম। তখন আমরা বেয়াহ আত্মবিশ্বাসীও ছিলাম, কিন্তু বিশ্বকাপে গিয়ে আমরা ভালো করতে পারিনি। তাই আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

২০২৭ বিশ্বকাপে এখনো সরাসরি কোয়ালিফাই করতে র‍্যাঙ্কিংয়ে সেরা নয় দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে একধাপ এগিয়ে নয় নম্বরে অবস্থান করছে টাইগাররা। এবার নিউজিল্যান্ড সিরিজ দিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ আছে লাল-সবুজদের।

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট