
দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এই বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যেই বেশিরভাগ পরাশক্তি দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাকি ছিল আর্জেন্টিনা-স্পেনের মতো দলগুলো। এবার স্পেনও তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে।
বিশ্বকাপকে সামনে রেখে আজ সোমবার (২৫ মে) ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেন। লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে বার্সেলোনার খেলোয়াড়। রেকর্ড ৮ জন ফুটবলার জায়গা করে নিয়েছে স্পেনের স্কোয়াডে। তবে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে কোনো খেলোয়াড়ই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।
বার্সেলোনা থেকে সুযোগ পাওয়া ৮ ফুটবলার হলেন- জোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি অলমো, লামিন ইয়ামাল ও ফেরান তোরেস। তবে এই সংখ্যাটা ৯ হতে পারতো। ফিট থাকলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারতেন ফার্মিন লোপেজ। তবে ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন তিনি।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের বেশিরভাগ তারকা ফুটবলারই বিদেশি। ডিন হুইসেন কিংবা গনজালো গার্সিয়ার মতো ফুটবলাররা মাদ্রিদের একাদশে নিয়মিত সুযোগ পেলেও কোচের নজর কাড়তে পারেননি। যে কারণে সুযোগ মেলেনি স্কোয়াডে। এছাড়া দানি কারভাহাল ক্লাব ফুটবল থেকে অবসর নেওয়ায় তাকে দলে ডাকেননি ফুয়েন্তে।
এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। আগামী ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে স্পেন। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এর আগে ৫ জুন ইরাক এবং ৯ জুন পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন।
বিশ্বকাপের জন্য স্পেনের ২৬ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক:
উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার:
মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।
মিডফিল্ডার:
পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
ফরোয়ার্ড:
মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/বিটি






















