
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বাড়ছে উদ্বেগ। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোটের শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। ফেলাডেলফিয়ার বিপক্ষে আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে ৭৩ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ফ্রি-কিক নেওয়ার পর থেকেই অস্বস্তিতে দেখা যায় মেসিকে। এ সময় তাকে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ধরে রাখতে দেখা যায়। পরে নিজেই ডাগআউটের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেন। তার পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।
তবে ম্যাচ শেষে পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হয়েস। তার দাবি, এটি গুরুতর কোনো ইনজুরি নয়; মূলত সতর্কতার অংশ হিসেবেই মেসিকে তুলে নেওয়া হয়েছে।
হয়েস বলেন, ‘এখনও আমরা কোনো মেডিকেল রিপোর্ট পাইনি। তবে সে বেশ ক্লান্ত ছিল। মাঠও খুব বেশি ভাল ছিল না। তাই ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিশ্বকাপ উপলক্ষে এখন এমএলএসে বিরতি চলবে। ফলে মেসির শারীরিক অবস্থা নিয়েই এখন নজর ফুটবলভক্তদের। এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’-র ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/এনডি





















