
ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে খেলার সময়ের একটি অত্যন্ত বিরল ট্রেডিং কার্ড নতুন রেকর্ড গড়েছে। ২০১৮ সালের ‘পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ সংস্করণের ওই কার্ডটি সম্প্রতি বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকা। এই তথ্য ইএসপিএনকে নিশ্চিত করেছে ‘ফ্যানাটিকস কালেক্ট’ কর্তৃপক্ষ।
এটি এখন পর্যন্ত রোনালদোর কোনো ট্রেডিং কার্ডের সর্বোচ্চ বিক্রিমূল্য। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি কার্ডের শীর্ষ রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মেসির ২০০৪ সালের ‘পানিনি মেগা ক্রাকস পিএসএ ১০’ রুকি কার্ড বিক্রি হয় ১৫ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৩৬ লাখ টাকা।
ফুটবল কার্ড ইতিহাসে প্রথমবার ১০ লাখ ডলারের সীমা ছাড়ায় পেলের রুকি কার্ড। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেটি বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার ডলারে, যা বর্তমানে সর্বোচ্চ দামের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে।
এর আগে গত ২২ মে রোনালদোর আরেকটি কার্ড ৪ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়ে তার ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের ‘পানিনি ফ্ললেস ফিনিশেস ব্ল্যাক’ সংস্করণের ওই কার্ডে রোনালদোর অটোগ্রাফও ছিল।
নতুন রেকর্ড গড়া ২০১৮ সালের ‘পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ কার্ডটি সংগ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এই সংস্করণের মাত্র একটি কপিই তৈরি করা হয়েছিল। কমিক বইধাঁচের নকশার জন্য ‘পানিনি কাবুম’ সিরিজ দীর্ঘদিন ধরেই সংগ্রাহকদের মধ্যে জনপ্রিয়।
২০১৮ সালে ৫০ জন খেলোয়াড়কে নিয়ে বিশেষ এই সেট বাজারে আনা হয়। এটি শুধুমাত্র ‘পানিনি রিওয়ার্ডস’ কর্মসূচির মাল্টিস্পোর্ট প্যাকের মাধ্যমে পাওয়া যেত। সাধারণ সংস্করণের পাশাপাশি এতে যুক্ত ছিল একক ‘গ্রিন ১/১’ ভ্যারিয়েন্ট, যা সংগ্রাহকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, ২০১৩-১৪ মৌসুমে পানিনি ইনোভেশন বাস্কেটবল কার্ডের মাধ্যমে ‘কাবুম’ ডিজাইনের যাত্রা শুরু হয়, পরে এটি ফুটবলসহ বিভিন্ন খেলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এদিকে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ শিরোপা জয়ের আনন্দ উদযাপন করছেন রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকাকে সামনে রেখে আসন্ন বিশ্বকাপের জন্য পর্তুগালের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেজ।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/এনডি




















