Connect with us
ক্রিকেট

ভারতকে খুশি রাখতেই চলে বিশ্ব ক্রিকেট, অস্ট্রেলিয়াও সে পথে হাঁটছে

অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক টেলর। ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এবার বিষয়টি সামনে এনেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের অনেক সিদ্ধান্তই এখন ভারতের চাওয়া অনুযায়ী নেওয়া হচ্ছে। এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেটও ভারতকে সন্তুষ্ট রাখার পথেই চলছে বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে টেলর বলেন, ক্রিকেটে এখন সবচেয়ে বড় শক্তি অর্থ। আর সেই জায়গায় ভারত অন্য সবার চেয়ে অনেক এগিয়ে। তাই বিশ্ব ক্রিকেটের বড় সিদ্ধান্তগুলোতেও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।

সম্প্রতি ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ ভারতের চেন্নাইয়ে আয়োজনের আলোচনা সামনে আসে। এই বিষয়টিকেই উদাহরণ হিসেবে টেনে আনেন টেলর। তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকেই ভারত এখন সবচেয়ে শক্তিশালী। ফলে অন্য বোর্ডগুলোও ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে আগ্রহী।



আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নতুন অর্থ বণ্টন কাঠামো অনুযায়ী সবচেয়ে বেশি আয় পায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেট থেকে হওয়া মোট আয়ের বড় একটি অংশই যাচ্ছে তাদের কাছে। বিশাল দর্শকসংখ্যা এবং বড় বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতার কারণেও ভারতীয় ক্রিকেটের আর্থিক শক্তি দিন দিন বাড়ছে।

টেলরের মতে, এই কারণেই অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষও চায় তাদের খেলোয়াড়েরা ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় নিয়মিত খেলুক। ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল মার্শ ও জশ হ্যাজলউডের মতো তারকারা নিয়মিত অংশ নিচ্ছেন সেখানে।

তবে আইপিএল নিয়ে অস্ট্রেলিয়ার সাধারণ দর্শকদের আগ্রহ খুব বেশি নয় বলেও মনে করেন টেলর। তিনি বলেন, এক সময় এই প্রতিযোগিতা নিয়ে অস্ট্রেলিয়ায় এত আলোচনা হতো না। কিন্তু এখন আন্তর্জাতিক ক্রিকেটের সূচি পর্যন্ত এই প্রতিযোগিতাকে ঘিরে সাজাতে হচ্ছে।

এর প্রভাব ইতোমধ্যেই বিভিন্ন দেশের আন্তর্জাতিক সিরিজে পড়ছে। গত মাসে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল আনতে পারেনি। কারণ, তাদের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে ব্যস্ত ছিলেন। এবার পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজও একই সমস্যায় পড়েছে।

৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু একই সময়ে ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার শেষ পর্ব চলবে। ফলে প্যাট কামিন্স ও ট্রাভিস হেডের মতো কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাকিস্তান সিরিজের দলে রাখা হয়নি।

এই পরিস্থিতিকে ‘বিশৃঙ্খল’ বলে মন্তব্য করেছেন টেলর। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে এখন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার গুরুত্ব অনেক বেড়ে গেছে। এতে বিভিন্ন দেশের সিরিজ পরিকল্পনা করাও কঠিন হয়ে পড়ছে।

তবে পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ সফরে শক্তিশালী দল নিয়েই আসবে অস্ট্রেলিয়া। জুনে ঢাকায় তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট