
এক যুগের সম্পর্কের শেষটা সুখকর হলো না পেপ গার্দিওলার জন্য। অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের মধ্য দিয়েই ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে বিদায় নিলেন এই স্প্যানিশ কোচ। দীর্ঘ সময় ধরে সাফল্যে ভরা যাত্রার শেষ ম্যাচে জয় উপহার দিতে পারলেন না তার শিষ্যরা।
গতকাল রাতে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। মৌসুমজুড়ে শিরোপার লড়াইয়ে থাকা সিটির জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। তবে ফলাফলের চেয়েও বেশি আলোচনায় ছিল গার্দিওলার বিদায়। কারণ এটিই ছিল সিটির ডাগআউটে তার শেষ উপস্থিতি।
ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। সমর্থকদেরও প্রত্যাশা ছিল, বিদায়ী ম্যাচে জয় তুলে নিয়ে গার্দিওলাকে স্মরণীয় বিদায় দেবে দল। সেই আশা আরও বাড়ে প্রথমার্ধে সিটির এগিয়ে যাওয়ার পর।
চলতি বছরের জানুয়ারিতে বোর্নমাউথ থেকে দলে যোগ দেওয়া সেমেনিও গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের। সিটির আক্রমণও তখন বেশ ছন্দে ছিল। তবে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ নষ্ট করে তারা।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর বদলে যাওয়া এক অ্যাস্টন ভিলাকে দেখা যায় মাঠে। আক্রমণের ধার বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। সেই চাপের ফলও পেয়ে যায় দ্রুত। সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভিলা।
দলের হয়ে জোড়া গোল করেন অলি ওয়াটকিন্স। তার দুই গোলেই শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। আর হতাশা নিয়েই শেষ ম্যাচের বাঁশি শোনেন গার্দিওলা।
ম্যানচেস্টার সিটির ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিদায় নিচ্ছেন গার্দিওলা। তার অধীনে বদলে গেছে ক্লাবটির পরিচয়। টানা এক দশক দায়িত্ব পালন করে সিটিকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। এছাড়া ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা এবং ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতিয়েছে তার দল।
শুধু শিরোপা নয়, মাঠের খেলায়ও সিটির মধ্যে আলাদা একটি ধারা তৈরি করেছিলেন গার্দিওলা। আক্রমণভিত্তিক ফুটবল, বলের নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত খেলার জন্য তার দলকে আলাদাভাবে চিনত ফুটবলবিশ্ব।
গতকালের ম্যাচটি ছিল ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে গার্দিওলার ৫৯৩তম এবং শেষ ম্যাচ। হারের কারণে বিদায়টা আনন্দের না হলেও, সিটির ইতিহাসে তার অবদান দীর্ঘদিন স্মরণে রাখবেন সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/টিএ




















