Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ মঞ্চে নিজেদের দেখিয়ে দিতে চান জ্যোতি-মারুফারা

বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে চান মারুফারা। ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তুলনামূলক কম। বিশ্বের বিভিন্ন দেশে ঘরোয়া প্রতিযোগিতা হলেও সেখানে নিয়মিত সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। তাই আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিজেদের সামর্থ্য দেখানোর বড় সুযোগ হিসেবেই দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে স্কটল্যান্ডে প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতিরা। দুই ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। প্রথম দল আজ রাতেই রওনা দেবে, আর দ্বিতীয় দল যাবে আগামী পরশু সকালে।

বিশ্বকাপের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, বড় আসরে ভালো খেলতে পারলে নারী ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। তার ভাষায়, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় সবার নজর থাকে। সেখানে ভালো করলে দলকে নিয়ে আলোচনা বাড়ে এবং সেটাই তারা চান।



অধিনায়কের বিশ্বাস, বিশ্বকাপে ভালো খেলতে পারলে দল যেমন লাভবান হবে, তেমনি ব্যক্তিগতভাবেও উপকৃত হবেন ক্রিকেটাররা। তিনি জানান, দলের সবাই ইতিবাচক মানসিকতায় আছে এবং ভালো কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত অবশ্য খুব সুখকর নয়। এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে দল। তবে এবার সেই হিসাব বদলাতে চায় বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান জ্যোতি। বিশেষ করে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয়ের ভালো সুযোগ দেখছেন তিনি।

এ ছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আগের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। জ্যোতির আশা, শুরুটা ভালো হলে পুরো প্রতিযোগিতাতেই তার প্রভাব পড়বে।

ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট