
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে অন্তত চারজন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে গেছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এর আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ থেকে তিনটি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা পড়েছে মাত্র তিনজনের। ফলে এই তিন প্রার্থীর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। তারা হলেন সিলেট বিভাগের আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহীর মীর শাকরুল আলম এবং রংপুরের মির্জা ফয়সল আমীন।
এ ছাড়া সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের জন্য নির্ধারিত ক্যাটাগরিতে একমাত্র প্রার্থী হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।
ঢাকা বিভাগ থেকেও দুই পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে দুটি পদের জন্য তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরুর মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবক ও সমর্থনকারী কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। তবে তিনি আপিল করার সুযোগ পাবেন।
এই বিভাগে বৈধ মনোনয়ন পাওয়া দুই প্রার্থী হলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ।
চট্টগ্রাম বিভাগে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে তিনজনের মধ্যে। তারা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন, লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরী এবং ফেনীর শরীফুল ইসলাম। এখান থেকে নির্বাচিত হবেন দুইজন।
খুলনা বিভাগেও রয়েছে তিনজন প্রার্থী। তারা হলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম, যশোরের শান্তনু ইসলাম এবং চুয়াডাঙ্গার আব্দুছ সালাম। এই বিভাগ থেকেও পরিচালক নির্বাচিত হবেন দুইজন।
বরিশাল বিভাগে একটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মিজানুর রহমান ও ভোলার মুনতাসির আলম চৌধুরী।
ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত আরেকটি ক্যাটাগরিতে ১২ পরিচালক নির্বাচিত হবেন। সেখানে বৈধ মনোনয়ন পেয়েছেন ১৮ জন প্রার্থী। তাদের মধ্যে আছেন বিভিন্ন ক্লাবের সংগঠক, ক্রীড়া প্রশাসক ও সাবেক ক্রিকেটার তামিম ইকবালও।
সব মিলিয়ে বৈধ মনোনয়ন পাওয়া ৩৩ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালক মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। বর্তমান প্রার্থী তালিকা দেখে ধারণা করা হচ্ছে, এবার বিসিবির পরিচালনা পর্ষদে নতুন ও তুলনামূলক কম অভিজ্ঞ মুখের সংখ্যা বেশি থাকবে।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/টিএ



















