
ব্যাট হাতে দারুণ সময় পার করছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান করেন তিনি। লাল বলের খেলা শেষে এবার সাদা বলেও সেই ছন্দ ধরে রেখেছেন শান্ত।
চলতি মাসের শুরুতেই মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। এবারের ডিপিএলে শান্তকে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড। কিন্তু পাকিস্তান সিরিজের কারণে শুরুর কয়েকটি রাউন্ডের ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে টেস্ট সিরিজ শেষে ডিপিএল খেলতে নেমেই ব্যাট হাতে জ্বলে উঠলেন শান্ত।
আজ শনিবার (২৩ মে) ডিপিএলের সপ্তম রাউন্ডের ম্যাচে আগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেন শান্ত। তার সেঞ্চুরিতে ভর করে অগ্রনী ব্যাংককে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী।
ইউল্যাবের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে অগ্রণী ব্যাংক। দলের পক্ষে ৫৬ রান করেন নাসির হোসেন। এছাড়া মাহফিজুল ইসলাম ৩১ এবং অধিনায়ক ইমরুল কায়েস ৩০ রান করেন। আবাহনীর হয়ে ২টি করে উইকেট শিকার করেন রাকিবুল হাসান, বর্ষন, খালেদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও মাহফিজুর রহমান রাব্বি।
জবাবে ব্যাট করতে নেমে ৩১.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। রানতাড়ায় নেমে দলীয় ৮ রানেই ওপেনার জিশান আলমকে হারায় আবাহনী। এরপর শান্ত ও মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭১ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।
শান্ত ১০৮ রান করে অপরাজিত ছিলেন। ৯০ বলে ৭ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান। অপরপ্রান্তে ৮৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত ছিলেন অঙ্কন।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে আবাহনী। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট দলটির। আর ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে মোহামেডান।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৬/বিটি




















