
সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে শেষ হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনের অধ্যায়। এতদিন শান্তদের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। আগামীতে আর জাতীয় দলে দেখা যাবে না তাকে। তবে দেশের অন্যতম সেরা এই কোচকে জাতীয় দলে মিস করবেন মোহাম্মদ আশরাফুল।
অনেকদিন ধরেই ব্যাটিং কোচ ছাড়া খেলছলো বাংলাদেশ। তবে ব্যাটিং কোচের অনুপস্থিতিতে সেই জায়গায় কাজ করেছেন সালাউদ্দিন। আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের আগ পর্যন্ত টাইগারদের ব্যাটিংটাও দেখাশোনা করেছেন সালাউদ্দিন। তবে আশরাফুল আসার পর দুজন মিলেই নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করার মাধ্যমে ক্রিকেটারদের উন্নতিতে কাজ করেছেন।
এবার জাতীয় দল ছেড়ে বাংলাদেশ হাই-পারফর্যান্স বিভাগের (এইচপি) দায়িত্ব নিতে যাচ্ছেন সালাউদ্দিন। তাই তাকে জাতীয় দলে মিস করবেন আশরাফুল।
সালাউদ্দিনের বিদায় নিয়ে জাতীয় দলের এই ব্যাটিং কোচ বলেন, ‘সালাউদ্দিন ভাই ছিলেন অনেক অভিজ্ঞ একজন কোচ। আমার অভিজ্ঞতাগুলো আমি সবসময় উনার সাথে ভাগাভাগি করতাম। তারপরে হয়তোবা আমি খেলোয়াড়ের সঙ্গে ভাগাভাগি করতাম। এখনও সেই কাজটাই করছি। সালাউদ্দিন ভাই যেহেতু আমাদের সাথে থাকছেন না, সামনে উনাকে অনেক মিস করব।
বিসিবির এইচপি ইউনিটে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন। এর আগে সালাউদ্দিনের হাত ধরেই বাংলাদেশে বড় বড় ক্রিকেটার তৈরি হয়েছে। এবার হয়ত দেশের পাইপলাইন মজবুত করতেই জাতীয় দল ছেড়ে এইচপিতে পাড়ি জমিয়েছেন দেশের অন্যতম সেরা এই কোচ।
উল্লেখ্য, ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন সালাউদ্দিন। মাঝে তার পদত্যাগ নিয়েও কয়েকবার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত তিনি নিজেই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন। এখন থেকে এইচপিতে দেখা যাবে সালাউদ্দিনকে।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৬/বিটি





















