Connect with us
ফুটবল

বিশ্বকাপ: আইসোলেশন ছাড়া যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না কঙ্গো

ছবি: সংগৃহীত

মার্কিন প্রশাসন জানিয়েছে কঙ্গো জুড়ে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য ২১ দিন আইসোলেশন ছাড়া দেশটির ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নাও দেওয়া হতে পারে।

হোয়াইট হাউস ওয়ার্ল্ড কাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শুক্রবার ইএসপিএনকে এ তথ্য জানিয়েছে।

যদিও দেশটির ফুটবল দল বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে। ইবোলার জন্য রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে।



জুলিয়ানি বলেন, ‘আমরা কঙ্গোর কাছে খুব স্পষ্ট করে দিয়েছি যে আগামী ১১ জুন হিউস্টনে আসার আগে ২১ দিন পর্যন্ত তাদের সুরক্ষাবলয়ে অবস্থান বজায় রাখতে হবে। আমরা কঙ্গো সরকারকেও এটি খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে তাদের এই বাবল বজায় রাখা প্রয়োজন, অন্যথায় তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এর চেয়ে স্পষ্ট করে আর বলতে পারি না।’

গত সপ্তাহে কঙ্গো সরকার ‘বুন্দিবুগিও’ নামে পরিচিত একটি বিরল ধরনের ইবোলার প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। যা এরই মধ্যে ১৩০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, সর্বশেষ তিন সপ্তাহের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন—এমন কেউ আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

ডিআর কঙ্গোর ফুটবল দল দেশ ছাড়ার আগে কিনশাসায় একটি বিদায়ী অনুষ্ঠানের পরিকল্পনা করলেও পরে তা বাতিল হয়েছে। আগামী ৩ জুন বেলজিয়ামের মাটিতে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের মাটিতে চিলির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কঙ্গোর।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের টিকিট কাটা ডিআর কঙ্গো ‘কে’ গ্রুপে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে খেলার কথা। প্রথম ম্যাচ ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/২৩মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল