Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, প্রত্যাশা আশরাফুলের

Ashraful expects Bangladesh to win the series against Australia.
মোহাম্মদ আশরাফুল। ছবি- সংগৃহীত

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শেষে ঈদের ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে বেশিদিন বিশ্রামের সুযোগ নেই শান্ত-মিরাজদের। ঈদের পরেই ফের বাইশ গজে ফিরতে হবে তাদেরকে। আগামী মাসেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই অতীতের স্মৃতিচারণ করে আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজটি অবশ্যই বেশ কঠিন হবে। ২০০৫ সালে আমরা কার্ডিফে জিতেছিলাম। এরপরে আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে আর কখনোই জেতা হয়নি (ওয়ানডেতে)। যদিও অত বেশি ম্যাচও খেলিনি। অল্প ম্যাচ খেলেছি, কিন্তু আর জেতা হয়নি। যখন আমি অধিনায়ক ছিলাম, তখন একবার জয়ের কাছাকাছি গিয়েছিলাম।’



সবশেষ ২০২১ সালের আগস্টে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে সফরকারীদের ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল টাইগাররা। এবারও ঘরের মাঠে সিরিজ জয়ের আশা দেখছেন আশরাফুল।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘এইবারও অবশ্যই জয়ের আশা থাকবে। কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও তার আগে পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে তারা।’

চলতি মাসের শেষদিকে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। ৪ জুন পর্যন্ত চলবে এই সিরিজ। এরপর ৬ জুন বাংলাদেশে পা রাখবে অজিরা। মিরপুরে প্রথমে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিনটি টি-টোয়েন্টি খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল।

আগামী ৯, ১১ ও ১৪ জুন সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। মিরপুরে বেলা ১১টায় শুরু হবে ম্যাচগুলো। এরপর ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দুপুর ২টায় শুরু হবে।

ক্রিফোস্পোর্টস/২২মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট