
মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই শেষ হলো চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএল অভিযান। গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে দলটি। এরপর থেকেই আবারও প্রশ্ন উঠেছে, ধোনিকে কি আর আইপিএলে দেখা যাবে?
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে গুজরাটের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। শুধু জিতলেই চলত না, অন্য ম্যাচের ফলও নিজেদের পক্ষে চাইছিল দলটি। তবে সেই সম্ভাবনা আর টিকল না। ৮৯ রানের হারে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় চেন্নাইয়ের এবারের পথচলা।
পুরো মৌসুমেই ধোনির খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। চোটের কারণে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়। অনেকেই ধারণা করেছিলেন, দল শেষ চারে উঠতে পারলে হয়তো আবার মাঠে দেখা যেতে পারে তাকে। কিন্তু সেই সুযোগ আর তৈরি হয়নি।
বর্তমানে ধোনির বয়স ৪৪ বছর। আগামী আইপিএল শুরু হওয়ার সময় তার বয়স প্রায় ৪৬ ছুঁইছুঁই হবে। তাই ভবিষ্যতে তিনি খেলবেন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে জোরালোভাবে।
ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কিছু বলতে পারেননি। গায়কোয়াড বলেন, আগামী বছরই জানা যাবে ধোনি খেলবেন কি না। তিনিও এখনই কিছু জানেন না বলে জানান।
ধোনির নেতৃত্বেই ২০২৩ সালে সর্বশেষ আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই। তবে এরপর দলটির সময়টা ভালো কাটেনি। টানা তিন মৌসুম তারা শেষ চারে উঠতে পারেনি। ২০২৪ ও ২০২৬ সালে দলের নেতৃত্বে ছিলেন গায়কোয়াড।
ধোনি শেষ দিকের ওভারগুলোতে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখতেন বলে মনে করেন চেন্নাই অধিনায়ক। গায়কোয়াড বলেন, এবারের মৌসুমে ধোনিকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি ছিল। তার উপস্থিতি প্রতিপক্ষের ওপর আলাদা চাপ তৈরি করত।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলই পাঁচবার করে শিরোপা জিতেছে। মুম্বাইয়ের সাফল্যের পেছনে যেমন ছিলেন রোহিত শর্মা, তেমনি চেন্নাইয়ের সাফল্যের বড় নাম ধোনি।
বছরের পর বছর আইপিএলের বিভিন্ন মাঠে হলুদ জার্সিতে ভরে যেত গ্যালারি। ধোনির পোস্টার হাতে সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। কিন্তু এবার সেই পরিচিত দৃশ্য দেখা যায়নি। এখন প্রশ্ন একটাই, ধোনিকে কি আর কখনও আইপিএলের মাঠে দেখা যাবে?
ক্রিফোস্পোর্টস/২২মে২৬/টিএ





















