Connect with us
ক্রিকেট

বোনাস নয়, মিরপুরে সুইমিংপুল চাইলেন ক্রিকেটাররা : প্রশংসায় তামিম

সুইমিংপুল চাইলেন ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন সাফল্যের পর ক্রিকেটারদের জন্য বিশেষ বোনাস দেওয়ার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটাররা সেই বোনাস নিতে চাননি। তার বদলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটি সুইমিংপুল তৈরির অনুরোধ জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির বিশেষ কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি বলেন, খেলোয়াড়রা অতিরিক্ত পুরস্কার পাওয়ার যোগ্য ছিল। কিন্তু এবার তারা ভিন্ন একটি সিদ্ধান্ত নিয়েছে।

তামিম জানান, ক্রিকেটাররা বোর্ডকে বলেছেন বোনাসের বদলে এমন কিছু করতে, যা ভবিষ্যতে সবার কাজে লাগবে। সেই কারণেই তারা সুইমিংপুল তৈরির কথা বলেছেন। বিষয়টিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।



তার মতে, ক্রিকেটাররা শুধু নিজেদের কথা ভাবেননি। অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং উচ্চ পারফরম্যান্স বিভাগের ক্রিকেটাররাও যেন আধুনিক সুযোগ-সুবিধা পায়, সেটিও মাথায় রেখেছেন তারা।

তামিম আরও বলেন, সুইমিংপুল তৈরির পুরো খরচ বোনাসের টাকায় হবে না। কারণ এর জন্য আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তবে ক্রিকেটাররা নিজেদের পক্ষ থেকে এতে অবদান রাখতে চেয়েছেন।

তিনি জানান, শুধু সুইমিংপুল নয়, মিরপুরের জিমনেশিয়ামও নতুনভাবে সাজানো হবে। সেখানে আধুনিক সব সরঞ্জাম যুক্ত করা হবে, যাতে ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা পান।

এ ছাড়া খেলোয়াড়দের শারীরিক পুনরুদ্ধারের জন্য ঠান্ডা ও গরম পানির বিশেষ ব্যবস্থাও রাখা হবে। তামিম বলেন, ভবিষ্যতে এমন প্রযুক্তি আনা হবে যেখানে যন্ত্রের মাধ্যমেই পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে। এতে আলাদা করে বরফ এনে ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে না।

বিসিবির পক্ষ থেকে এসব কাজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানিয়েছেন তামিম। বাংলাদেশের ক্রিকেটারদের এই উদ্যোগকে প্রশংসার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২২মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট