Connect with us
ফুটবল

৪৮ দলেও থামছে না, ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের ভাবনায় ফিফা

Fifa
৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো কিছু সময় বাকি। এরই মধ্যে নতুন করে বিশ্বকাপের দল সংখ্যা বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভবিষ্যতে ৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম ‘ডায়ারিও এএস’।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার পক্ষ থেকে কয়েক মাস আগে ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল, যেসব দেশ এখনো নিয়মিত বিশ্বকাপে খেলার সুযোগ পায় না, তাদের জন্য জায়গা বাড়ানো। শুরুতে বিষয়টি শুধু আলোচনা পর্যায়ে থাকলেও এখন কয়েকটি ফুটবল সংস্থাও এতে আগ্রহ দেখাচ্ছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দল বাড়ানোর বিষয়ে আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা। তবে ২০৩০ বিশ্বকাপ থেকেই নতুন এই পরিকল্পনা বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।



আগামী ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, মরক্কো ও পর্তুগাল। বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্ণ হবে সেই আসরে। আপাতত ওই টুর্নামেন্ট ৪৮ দল নিয়েই হওয়ার কথা রয়েছে। তবে পরবর্তীতে দল সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বিশ্বকাপের ইতিহাসে দল সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে খেলেছিল মাত্র ১৩টি দল। পরে ১৯৯৮ সাল থেকে দীর্ঘ সময় ৩২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হয়। ২০২২ পর্যন্ত সেই নিয়মই ছিল। এরপর ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল।

দল সংখ্যা বাড়ানোর ফলে নতুন কয়েকটি দেশও এবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কেপভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দল প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেবে।

আগামী বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মাঠে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।

ক্রিফোস্পোর্টস/২২মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল