
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলার টমাস ডুলি। আজ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে খেলোয়াড় ও কোচ হিসেবে ফুটবলের সঙ্গে যুক্ত আছেন ডুলি। যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিক এই ফুটবল ব্যক্তিত্ব খেলোয়াড়ি জীবনে আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলেছেন। পরে ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন।
ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ এই কোচ খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে মন দেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দলের প্রধান কোচ ছিলেন জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যান। সেই সময় যুক্তরাষ্ট্র দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডুলির।
আন্তর্জাতিক পর্যায়ে কোচ হিসেবে ডুলির সবচেয়ে আলোচিত সাফল্য আসে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব পালনকালে। তার অধীনে দলটি এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেয়। পুরো বাছাইপর্বে তারা অপরাজিত ছিল। একই সময়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় ফিলিপাইন।
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে দলটি চারটি ম্যাচ খেলেই সবগুলোতে জয় পায়। দলটির খেলায়ও বেশ ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
বাফুফে জানিয়েছে, দেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই ডুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলকে আরও প্রতিযোগিতামূলক করে তোলাই হবে তার মূল কাজ। নতুন এই দায়িত্ব নিয়ে খুব শিগগিরই তিনি বাংলাদেশে কাজ শুরু করবেন বলে জানিয়েছে ফেডারেশন।
বাংলাদেশ ফুটবলে সাম্প্রতিক সময়ে নতুন কোচ নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন টমাস ডুলিকেই বেছে নিল বাফুফে। এখন মাঠের ফলাফলে সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখতে মুখিয়ে আছেন দেশের ফুটবল সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/২২মে২৬/টিএ





















