Connect with us
ফুটবল

রোনালদোর জোড়া গোলে ৬ বছর পর লিগ শিরোপা জিতল আল নাসর

চ্যাম্পিয়ন আল নাসর। ছবি: সংগৃহীত

ছয় বছর অপেক্ষার পর আবারও সৌদি লিগের শিরোপা জিতল আল নাসর। শেষ ম্যাচে দামাককে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। জোড়া গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার আল-আওয়াল পার্কে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। তবে প্রথম দিকে পরিষ্কার সুযোগ তৈরি করতে কিছুটা ভুগছিল তারা। অন্যদিকে একই সময়ে নিজেদের ম্যাচে গোল করে এগিয়ে যায় আল হিলাল। তাতে কিছু সময়ের জন্য শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে আল নাসর।

তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৩৪তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সাদিও মানে।



বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আল নাসর। ৫১তম মিনিটে দূরপাল্লার জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোমান।

এর ছয় মিনিট পর পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় দামাক। মোরলায়ে সফলভাবে বল জালে পাঠিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরান।

তবে সেই চাপ বেশিক্ষণ থাকতে দেননি রোনালদো। ৬৩তম মিনিটে দারুণ এক সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে আবারও দুই গোলের ব্যবধান গড়ে দেন তিনি।

এরপর ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে কাছ থেকে জোরালো শটে জাল খুঁজে নেন রোনালদো। তাতেই নিশ্চিত হয়ে যায় আল নাসরের জয় এবং শিরোপা।

৩৪ ম্যাচে ২৮ জয় ও ২ ড্রয়ে আল নাসরের পয়েন্ট দাঁড়ায় ৮৬। সমান সংখ্যক ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে আল হিলাল।

২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথম সৌদি লিগের শিরোপা জিতল আল নাসর। ক্লাবটির ইতিহাসে এটি একাদশ লিগ শিরোপা।

২০২২ সালের শেষে সৌদি আরবে যোগ দেওয়ার পর এবারই প্রথম বড় কোনো শিরোপা জিতলেন রোনালদো। চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮টি। আর পেশাদার ক্যারিয়ারে মোট গোল এখন ৯৭৩টি।

ক্রিফোস্পোর্টস/২২মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল