Connect with us
ক্রিকেট

রিজওয়ানকে চাপে ফেলতেই স্লেজিংয়ের পরামর্শ দিয়েছিলেন মুশতাক

লিটন-শান্তদের স্লেজিংয়ের পরামর্শ দিয়েছিলেন মুশতাক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে মাঠের ক্রিকেটের পাশাপাশি আলোচনায় ছিল খেলোয়াড়দের কথার লড়াইও। বিশেষ করে সিলেট টেস্টে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাসের মধ্যে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে বেশ আলোচনা হয় ক্রিকেট অঙ্গনে।

এবার জানা গেছে, রিজওয়ানকে মানসিক চাপে ফেলতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের পরামর্শ দিয়েছিলেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

সিলেট টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৪৩৭ রান। কঠিন সেই লক্ষ্য তাড়ায় একসময় ভালোভাবেই এগোচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটে থিতু হয়ে তিনি বাংলাদেশের বোলারদের বিপাকে ফেলছিলেন।



ব্যাটিংয়ের সময় বারবার সাইট স্ক্রিনের সামনে লোকজন চলাফেরা করছে বলে অভিযোগ করেন রিজওয়ান। কখনও আবার শারীরিক অস্বস্তির কথাও জানান তিনি। এতে বিরক্ত হন বাংলাদেশের খেলোয়াড়রা। একপর্যায়ে লিটন দাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানের এই ব্যাটার।

ম্যাচ চলাকালে লিটন দাস ও শান্তকে উর্দু ভাষায় কথা বলতেও দেখা যায়। পরে এ বিষয়ে কথা বলতে গিয়ে মুশতাক আহমেদ জানান, এসবই ছিল পরিকল্পনার অংশ।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রিজওয়ান যদি এমন আচরণ করে তাহলে বাংলাদেশি খেলোয়াড়দেরও একইভাবে জবাব দিতে বলেছিলেন তিনি। তার মতে, প্রতিপক্ষকে চাপে রাখা টেস্ট ক্রিকেটেরই অংশ।

মুশতাক আরও বলেন, এসব ঘটনাকে তিনি খারাপভাবে দেখেন না। তার ভাষায়, টেস্ট ক্রিকেটে এমন মানসিক লড়াই অনেক সময় দেখা যায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও দীর্ঘদিন ধরে এমন কৌশল ব্যবহার করে আসছেন।

তবে মাঠের উত্তেজনা মাঠেই শেষ হয়েছে বলেও জানান তিনি। ম্যাচ শেষে রিজওয়ান ও লিটনের মধ্যে কোনো সমস্যা ছিল না এবং দুজনই একে অপরকে সম্মান করেন বলেও উল্লেখ করেন বাংলাদেশের এই কোচ।

ক্রিফোস্পোর্টস/২১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট