Connect with us
ক্রিকেট

এখন ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশি টেস্ট খেলতে চাই: শান্ত

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। সিলেট টেস্ট জিতে ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সাফল্যের পরও নিজেদের আরও উন্নতির সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর মতে, টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী দল হয়ে উঠতে হলে নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলের সঙ্গে বেশি সিরিজ খেলতে আগ্রহী টাইগাররা।

সিলেট টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, দল আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে। তবে এখনও কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে।



বাংলাদেশ অধিনায়ক বলেন, “বড় দলগুলো চাপের মুহূর্তে অনেক শান্ত থাকে। আমাদেরও ওই জায়গায় আরও উন্নতি করতে হবে। তারপরও আমি খুশি, কারণ এই দলটা ধীরে ধীরে ভালো জায়গায় যাচ্ছে। টানা ১০ দিনে দুটি টেস্ট জেতা অবশ্যই গর্বের বিষয়।”

নিয়মিত টেস্ট খেলার সুযোগকে বাংলাদেশের উন্নতির বড় কারণ হিসেবে দেখছেন শান্ত। তার মতে, যত বেশি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ মিলবে, দল তত বেশি অভিজ্ঞ হবে।

তিনি বলেন, “আমরা এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চাই। দেশের মাঠে এবং দেশের বাইরে দুই জায়গাতেই খেলতে চাই। নতুন অভিজ্ঞতা যত বাড়বে, দলও তত শক্ত হবে।”

শান্ত আশা করছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভবিষ্যতে বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলার সুযোগ দেবে।

তার মতে, “এখন আমরা আগের চেয়ে বেশি টেস্ট খেলছি, এটা ইতিবাচক। তবে বড় দলগুলোর বিপক্ষে যদি আরও বেশি ম্যাচ খেলতে পারি, তাহলে সেটা দলের জন্য আরও ভালো হবে।”

সিলেট টেস্টে বাংলাদেশের পেস বোলারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট অধিনায়ক। ব্যাটিং সহায়ক উইকেটেও তারা নিয়ন্ত্রিত বোলিং করেছেন বলে মনে করেন তিনি। পাশাপাশি নিচের সারির ব্যাটারদের অবদানও গুরুত্বপূর্ণ ছিল বলে জানান শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, “পেস বোলাররা এই গরমেও দারুণ বোলিং করেছে। আমরা এই উন্নতিটা অনেক দিন ধরেই চাচ্ছিলাম। ব্যাটারদের মধ্যে ভালো জুটি হচ্ছে, নিচের সারির ব্যাটাররাও রান করছে। এসব বিষয় আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।”

ক্রিফোস্পোর্টস/২০মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট