
পাকিস্তানকে টেস্টে আরও একবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে টাইগাররা। এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।
৪৩৭ রানের কঠিন লক্ষ্য নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। হাতে ছিল তিন উইকেট। মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন। তাদের ব্যাটিংয়ে একসময় চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ঘণ্টা প্রায় কোনো সাফল্যই পায়নি টাইগাররা।
অবশেষে বাংলাদেশের স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। ২৮ রান করা সাজিদ খানকে স্লিপে ক্যাচ বানিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন তিনি। এরপরই বড় ধাক্কা খায় পাকিস্তান। শরিফুল ইসলামের বলে আউট হন ৯৪ রান করা মোহাম্মদ রিজওয়ান। গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেন তিনি। ১৬৬ বলের ইনিংসে ১০টি চার মারেন রিজওয়ান। তার বিদায়ের পরই ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।
শেষ পর্যন্ত খুররম শেহজাদকে আউট করে ইনিংসে ৬ উইকেট পূর্ণ করেন তাইজুল। পাকিস্তান অলআউট হয় ৩৫৮ রানে। ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে চতুর্থ দিনের শেষ বিকেলে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিল পাকিস্তান। তবে দিনের শুরুটা ছিল বাংলাদেশের। ২৭ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দেন আব্দুল্লাহ ফজল। এরপর মেহেদী হাসান মিরাজ ফেরান আজান আওয়াইসকে।
দুই উইকেট হারানোর পর দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম ও শান মাসুদ। তারা ৯২ রানের জুটি গড়েন। তবে ৪৭ রান করা বাবরকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। কিছুক্ষণ পর নাহিদ রানার বলে আউট হন সৌদ শাকিলও।
এরপর অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে পাকিস্তানকে আরও চাপে ফেলেন তাইজুল। ৭১ রান করেন শান। তখন মনে হচ্ছিল দ্রুতই ম্যাচ শেষ হয়ে যাবে। কিন্তু মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে তারা ১৩৪ রানের জুটি করেন।
বাংলাদেশের জন্য সেই জুটি ভাঙেন আবারও তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমান আগাকে বোল্ড করেন তিনি। এরপর হাসান আলিকেও ফেরান এই বাঁহাতি স্পিনার।
এর আগে দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের শতকে ভর করে ৩৯০ রান তোলে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য আর ছুঁতে পারেনি সফরকারীরা।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ। একই সঙ্গে ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার ধবলধোলাই করার নতুন ইতিহাসও গড়লো টাইগাররা
ক্রিফোস্পোর্টস/২০মে২৬/টিএ




















